অনলাইন ডেস্ক:
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রমজান উপলক্ষে ২০ বিলিয়ন পাকিস্তানি রুপি সহায়তা প্যাকেজ চালু করেছেন, যা ৪০ লাখ পরিবারকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে জানান, এই প্যাকেজের মাধ্যমে অন্তত দুই কোটি মানুষ উপকৃত হবে এবং রমজানের প্রথম দশ দিনের মধ্যে সহায়তা বিতরণ করা হবে।
এই প্যাকেজের অধীনে, ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে প্রতিটি পরিবারকে পাঁচ হাজার রুপি প্রদান করা হবে। প্রধানমন্ত্রী জানান, আগের বছরের তুলনায় এ বছর মূল্যস্ফীতি কমে যাওয়ায় মানুষের জন্য কিছুটা স্বস্তি এসেছে। তিনি বলেন, “এ বছর সহায়তা প্যাকেজটি ৭ বিলিয়ন রুপি থেকে বাড়িয়ে ২০ বিলিয়ন রুপি করা হয়েছে।”
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ডিজিটাল সিস্টেম তৈরিতে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠান—মন্ত্রণালয়, স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি), জাতীয় ডাটাবেস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি (নাদ্রা), বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম (বিআইএসপি) এবং প্রযুক্তি কোম্পানির পরিশ্রম এবং অবদানকে প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ দেশের প্রতিটি অংশকে উপকৃত করার জন্য একটি সুপরিকল্পিত ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, এই মহৎ কাজে অংশীদারিত্ব এবং সমর্থনের জন্য বিদেশি অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং তাদের অবদান ও প্রতিশ্রুতির প্রশংসা করেন।
সূত্র: জিও নিউজ











