বলিভিয়ায় দুটি বাসের সংঘর্ষে ৩৭ জন নিহত, আহত ৩৯

অনলাইন ডেস্ক:

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় পোতোসি অঞ্চলে দুটি বাসের সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন।

শনিবার (২ মার্চ) পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ভোরে উইউনি ও কোলচানি শহরের মধ্যবর্তী সড়কে এ দুর্ঘটনা ঘটে। একই দিকে যেতে থাকা দুটি বাসের মধ্যে সামনেরটি হঠাৎ দিক পরিবর্তন করলে পেছনের বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে একটি বাস উল্টে যায়।

পোতোসি ডিপার্টমেন্টাল পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, আহত ৩৯ জনকে উইউনি শহরের চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হতাহতদের শনাক্তে কাজ করছে।

দুর্ঘটনার পর একটি ক্রেন ব্যবহার করে উল্টে পড়া বাসটিকে সোজা করা হয় এবং মৃতদেহ উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।

বলিভিয়া সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি বাস অতিরিক্ত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়ে, ফলে মারাত্মক এই সংঘর্ষের ঘটনা ঘটে।