গুলশান হত্যাকাণ্ড: সাবেক বিচারপতি মানিকের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক:

গুলশান থানার একটি হত্যা মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এই রিমান্ড আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সন্ত্রাসবিরোধী ইউনিটের পরিদর্শক আমিনুল ইসলামের ৭ দিনের রিমান্ড আবেদন শেষে আদালত সাবেক বিচারপতির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার শুনানি চলাকালে, রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে বক্তব্য দেন। তিনি বলেন, “এই আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। সরকার পতনের পর দেশ ছেড়ে পালানোর সময় জনগণ তাকে আটকে দেয়। তিনি কয়েক লাখ টাকার বিনিময়ে দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু যারা তাকে সহযোগিতা করতে চেয়েছিল, তারা টাকা নিয়ে পালিয়ে যায়। তাকে পরে হাফপ্যান্ট পরা ও কলাপাতার ওপর শুয়ে থাকা অবস্থায় জঙ্গলে পাওয়া যায়।”

ফারুকী আরও বলেন, “তিনি বিভিন্ন সময়ে টকশোতে গিয়ে মারামারি করতেন, ফ্যাসিস্ট সরকারের পক্ষে সাফাই গাইতেন এবং আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন।”

অপরদিকে, এই সময় আসামির পক্ষ থেকে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি স্বরণী এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থী মো. আবু যর শেখ গুলিবিদ্ধ হন। পরে তিনি ২৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের মা বাদী হয়ে ১৬ নভেম্বর গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, শামসুদ্দিন চৌধুরী মানিককে ২০২৪ সালের ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে একাধিক হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়।