হামাসকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিলেন ট্রাম্প, গাজা ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক:

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে ‘শেষ সতর্কতা’ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দিদের মুক্তি দিতে এবং গাজা ছেড়ে চলে যেতে হামাস নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প বলেন, ‘‘এটি হামাসের জন্য শেষ সতর্কতা! যদি বন্দিদের মুক্তি না দেন, তাহলে চড়া মূল্য দিতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘হামাসের নেতৃত্বের এখনই গাজা ত্যাগ করা উচিত, তাদের জন্য এখনও সুযোগ রয়েছে।’’

এছাড়া, ট্রাম্প গাজার জনগণের উদ্দেশে বলেন, ‘‘আপনাদের জন্য একটি সুন্দর ভবিষ্যত অপেক্ষা করছে, তবে যদি আপনি জিম্মিদের আটকে রাখেন, তাহলে তা সম্ভব হবে না। যদি এমন কিছু করেন, তবে আপনি মারা যাবেন! স্মার্ট সিদ্ধান্ত নিন।’’

এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্টের প্রশাসন প্রথমবারের মতো হামাসের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। হোয়াইট হাউস জানায়, মার্কিন ‘দূত’ অ্যাডাম বোহেলা কাতারের রাজধানী দোহায় হামাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। এই সরাসরি আলোচনা হামাসের কাছে আটক মার্কিন বন্দিদের মুক্তি এবং গাজার যুদ্ধের অবসান নিয়ে হচ্ছে। এটি এমন এক সময় চলছে, যখন ইসরায়েল গাজা উপত্যকায় অবরোধ জারি করেছে এবং সেখানে ফিলিস্তিনিরা খাদ্য সংকটে ভুগছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, তাদের স্টকে থাকা খাবার দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যেতে পারে। এদিকে, ট্রাম্পের এই সতর্কতা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ১৯৯৭ সালে হামাসকে চিহ্নিত করার পর যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি আলোচনা হিসেবে বিবেচিত হচ্ছে।