ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে আমরা প্রস্তুতি নিয়ে এগোচ্ছি: সিইসি
নিজস্ব প্রতিবেদক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে বলেছেন, “ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে আমরা প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। আমাদের টাইমলাইন ডিসেম্বরে ভোটের কথা মাথায় রেখে নির্ধারণ করা হয়েছে। অক্টোবরের মধ্যে সিডিউল ঘোষণা করতে হবে। আমরা যেন টাইমলাইন মিস না করি, সেভাবে কাজ করছি।”
এম এম নাসির উদ্দীন জানান, “জাতীয় নির্বাচন শুরু হওয়ার পর থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছি, এবং জাতীয় নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টা দেবেন।”
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি বলেন, “আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেছি। আমরা আমাদের প্রস্তুতি তাদের কাছে জানিয়েছি এবং নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তার জন্য তাদের কাছে সহযোগিতা চেয়েছি। বিশেষ করে প্রার্থীর এজেন্ট এবং পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে তারা সাহায্য করতে চায়।”
সিইসি আরও বলেন, “ব্রিটিশ হাইকমিশনার জানতে চেয়েছেন, আমরা কোন পর্যায়ে আছি এবং নির্বাচনের প্রস্তুতি কেমন চলছে। যুক্তরাজ্য বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনে সহায়তা করতে চায়, এবং বিদেশি পর্যবেক্ষকদের নিয়োগের বিষয়ে তারা আমাদের জানাতে চেয়েছেন। আমরা সব বিষয়ে তাদের অবগত করেছি এবং বিদেশি পর্যবেক্ষকদের নিয়োগ সময়মতো করা হবে।”
