বাবুল আক্তার, নওগাঁ:
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নওগাঁর সাপাহারে সুলভ ও ন্যায্য মূল্যে তরমুজের দোকান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এই দোকানের শুভ উদ্বোধন করেন।
সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে, সদরের জিরোপয়েন্ট এলাকার মুক্ত মঞ্চের সামনে সুলভ ও ন্যায্য মূল্যে তরমুজ বিক্রি করা হচ্ছে। দোকানে ক্রেতা সাধারণকে হুমড়ি খেয়ে তরমুজ কিনতে দেখা যায়। রমজান মাসের শুরুতে সাপাহারে প্রতি কেজি তরমুজ ৮০ টাকা ছিল, পরে তা ৫০ টাকা কেজি দরে বিক্রয় করা হলেও, এই দোকানে প্রতি কেজি তরমুজ ৪০ টাকা থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কম মূল্যে তরমুজ কিনতে পেরে অনেকেই নির্বাহী অফিসার সেলিম আহমেদকে ধন্যবাদ জানিয়েছেন। আনারপুর গ্রামের শাহজাহান হোসেন জানান, “বাজারের চেয়ে ১০ টাকা কম মূল্যে তরমুজ কিনতে পেরে ৭ কেজি তরমুজে ৭০ টাকা সাশ্রয় হয়েছে।” পিছলডাঙ্গা গ্রামের আব্দুল আজিজ বলেন, “যদি সারা রমজান মাস এই দোকান খোলা থাকে, তাহলে বাজারে এর প্রভাব পড়বে এবং সিন্ডিকেট ভেঙে যাবে।”
নির্বাহী অফিসার সেলিম আহমেদ জানান, সারা রমজান মাস জুড়ে এই তরমুজের দোকান চলবে। সাপাহারে ন্যায্য মূল্যের কয়েকটি দোকান বাজারে বেশ সাড়া ফেলেছে বলে এখানকার সাধারণ ক্রেতাগণ জানিয়েছেন।











