সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ

জেলা প্রতিনিধি, নওগাঁ :

নওগাঁর সাপাহার উপজেলার প্রখ্যাত সাংবাদিক, সমাজসেবক ও শিক্ষক প্রয়াত সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ, ১১ মার্চ। তিনি ২০১১ সালের ১১ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সাংবাদিক খন্দকার বদিউজ্জামান একাধারে সাংবাদিকতা ও শিক্ষকতায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন, যা অবিস্মরণীয়। তাছাড়া, তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত থেকে সমাজসেবা মূলক কাজে অংশগ্রহণ করেছিলেন এবং জনমনে স্থান করে নেন। তিনি দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি, যুগের বাণী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, সাপাহার প্রেসক্লাবের অন্যতম সদস্য এবং সাপাহার উপজেলা ভটভটি মালিক সমিতির সভাপতি হিসেবে কাজ করেছেন। এছাড়া, তিনি দৈনিক উত্তর বার্তা ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকাতেও কর্মরত ছিলেন।

তিনি দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে ছিলেন সদালাপী, ন্যায় নিষ্ঠাবান এবং সবার শ্রদ্ধাভাজন।

সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের মৃত্যুবার্ষিকীতে সাপাহার প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দীন ও সাধারণ সম্পাদক বাবুল আকতার গভীর শোক প্রকাশ করে মরহুম সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন। তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যেন তাঁর জান্নাত নসীব হয়।