Monday, October 5, 2026
30 C
Dhaka
Monday, October 5, 2026

ভারতের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

অনলাইন ডেস্ক:

ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলার একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে ৮ জন নিহত এবং ৭ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে নাগপুরের কাছে অবস্থিত এই কারখানায় বিস্ফোরণটি ঘটে, যার তীব্রতা এতটাই বেশি ছিল যে ৫ কিলোমিটার দূর থেকেও শব্দ শোনা গেছে।

জেলা কালেক্টর সঞ্জয় কোল্টের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৩০ মিনিটে কারখানার এলটিপি অংশে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের ফলে ভবনের ছাদ ধসে পড়ে এবং একাধিক শ্রমিক ভেতরে আটকা পড়েন। উদ্ধারকাজে দ্রুত দমকল ও চিকিৎসা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং ধ্বংসাবশেষ সরিয়ে তিনজনকে জীবিত উদ্ধার করেন। একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের পর কারখানা থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা যায়, যা ঘটনাস্থলের আশেপাশের এলাকা থেকে ধারণ করা এক ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাগপুর থেকে বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রস্তুত রাখা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জনগণকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ভান্ডারার অস্ত্র কারখানায় একটি বড় দুর্ঘটনা ঘটেছে, যার ফলে ৮ জন নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে তদন্ত চলছে। স্থানীয় প্রশাসন ও শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

 

 

বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন, সেই প্রক্রিয়া তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের ফাঁকে ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান।

বৈঠকে ড. ইউনূস বাংলাদেশে গত বছরের জুলাই মাসে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের পটভূমি তুলে ধরেন, যেখানে বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের দাবিতে রাস্তায় নেমেছিল। তিনি বলেন, “আন্দোলনের সময় শিক্ষার্থীরা ঢাকার দেয়ালগুলোতে গ্রাফিতি এঁকে তাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রকাশ করেছে।”

ড. ইউনূস আরো বলেন, “গত ১৬ বছরে বাংলাদেশের নতুন ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পায়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” তিনি যোগ করেন, “দেশের জনগণ কোন ধরনের নির্বাচন চায়, সেটি না জেনে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না।”

এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডাও তুলে ধরেন এবং বলেন, “সরকার নির্বাচনের আয়োজনের অপেক্ষায় রয়েছে, তবে এখন দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে প্রক্রিয়াটি কেমন হবে। তারা কি ছোট পরিসরের সংস্কারে যাবে, নাকি দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য চাপ সৃষ্টি করবে।”

ড. ইউনূস জানান, “যদি মানুষ দ্রুত সংস্কার চায়, তাহলে আমরা এ বছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নিয়েছি। আর যদি তারা দীর্ঘ মেয়াদী সংস্কার চায়, তবে আমাদের আরও ছয় মাস সময় লাগবে।”

বর্তমান প্রজন্মকে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, “এই প্রজন্মের অমিত সম্ভাবনা রয়েছে, কারণ প্রযুক্তি তাদের বদলে দিয়েছে এবং তারা শুধু বাংলাদেশি নয়, বরং বিশ্বের তরুণ প্রজন্মের অংশ হয়ে উঠেছে।”

ড. ইউনূস বলেন, “এই প্রজন্ম পুরনো বাংলাদেশে ফিরে যেতে চায় না, তাই একটি নতুন বাংলাদেশ গড়তে হবে।” তিনি আরও জানান, তরুণদের মধ্যে ঐকমত্য গড়ে তোলার জন্য একটি ঐকমত্য কমিশন গঠন করা হচ্ছে এবং সকল রাজনৈতিক দল এবং সুশীল সমাজের সংগঠনের ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রস্তুত করা হবে।

অধ্যাপক ইউনূস তার সরকারের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য কাজ করছে বলেও জানান এবং ইতোমধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ব্যাংকিং ব্যবস্থায় গতি ফিরে আসার কথা উল্লেখ করেন।

ড. ইউনূসের বক্তব্যে মুগ্ধ হন ক্লাউস শোয়াব এবং আধাঘণ্টার আলাপচারিতায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

দশম গ্রেডের বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিপুল সংখ্যক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দশম গ্রেডের বেতন স্কেল বাস্তবায়নের দাবি নিয়ে আন্দোলন শুরু করেছেন। শিক্ষকেরা তাদের বর্তমান তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে শ্রেণিবদ্ধকরণকে অন্যায় ও শিক্ষকতা পেশার জন্য অবমাননাকর বলে উল্লেখ করেছেন।

আন্দোলনকারীরা সরকারকে আল্টিমেটাম দিয়ে বলেছেন, দুপুর ২টার মধ্যে তাদের দাবি না মানলে আন্দোলন আরও কঠোর করা হবে। বিকাল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা শাহবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ ব্যারিকেডের মুখোমুখি হন। তবে তারা ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

এক শিক্ষক বলেন, “আমাদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে বেতন দেওয়া হয়, যা আমরা শিক্ষক হিসেবে মেনে নিতে পারি না। দশম গ্রেড আমাদের দাবি।” সুনামগঞ্জের বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেন বলেন, “আমরা শিক্ষক সমাজের অংশ। আমরা কেন তৃতীয় শ্রেণিতে থাকব? শিক্ষকদের তৃতীয় শ্রেণির মধ্যে রেখে দেশ গড়া সম্ভব নয়।”

প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শাহবাগের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে, এবং শিক্ষকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ইন্ডিয়াডটকমে প্রকাশিত সংবাদটিকে ‘মিথ্যা : প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, তার পরিবার এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ইন্ডিয়াডটকমে প্রকাশিত সংবাদটিকে ‘মিথ্যা এবং ভারতীয় ষড়যন্ত্রমূলক প্রচারণার অংশ’ বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে সংবাদটির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে।

প্রেস উইংয়ের দাবি, হিলারি ক্লিনটন ফাউন্ডেশনে কোনো অর্থ ড. ইউনূস প্রদান করেননি এবং তাদের ফ্যাক্ট চেকিং উইং এর মাধ্যমে এই দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। এছাড়া, হিলারি ক্লিনটনের সাথে অধ্যাপক ইউনূসের বন্ধুত্ব তার মেয়ে মনিকা ইউনূসের কোনো উপকারে আসেনি এবং জো বাইডেনের প্রশাসনে তিনি কখনোই কোনো পদে ছিলেন না।

ফেসবুক পোস্টে যে খবরটি ছড়ানো হয়েছে, তাতে বলা হয়েছে যে হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে অধ্যাপক ইউনূস কোটি কোটি ডলার ঋণ পেয়েছিলেন, তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে প্রেস উইং।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, পদ্মা সেতু প্রকল্পের কোনো ঋণ চুক্তি বাতিলের পেছনে ড. ইউনূসের কোনো ভূমিকা ছিল না।

ছাড়পত্র পেলে ছেলে তারেক রহমানের বাসায় যাবেন খালেদা জিয়া

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ শুক্রবার সন্ধ্যায় তার ছেলে তারেক রহমানের বাসায় যাবেন। লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি তারেক রহমানের বাসায় চলে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে (লন্ডন সময়) সাংবাদিকদের জানান, “সবকিছু যদি ঠিকঠাক থাকে এবং রিপোর্টগুলো প্রত্যাশা অনুযায়ী আসে, তাহলে ইনশাল্লাহ ম্যাডামের (খালেদা) হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও জানান, “এখনও চিকিৎসকরা ছাড়পত্র দিতে পারেননি, কারণ আজ কিছু অতিরিক্ত পরীক্ষা করা হচ্ছে। তবে সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।”

৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তার শারীরিক অবস্থার ব্যাপারে ডা. জাহিদ বলেন, “খালেদা জিয়া এখন মোটামুটি ভালো বোধ করছেন, তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।”

গত ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া যুক্তরাজ্যে পৌঁছান এবং লন্ডন ক্লিনিকে ভর্তি হন। তার চিকিৎসা চলছে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে।

এদিকে, তারেক রহমানসহ খালেদা জিয়া ও তার পরিবার দেশের জনগণের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

টঙ্গীতে টিফিন খেয়ে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

জেলা প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে সিংবাড়ী মোড় এলাকার বারাকা ফ্যাশন লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, ওই দিন রাত ৮টার দিকে কারখানা কর্তৃপক্ষ তাদের টিফিন সরবরাহ করেন। এরপর কয়েকজন শ্রমিক অসুস্থ হতে শুরু করেন এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। ওই সময় প্রায় এক হাজার শ্রমিক ওভারটাইমে কাজ করছিলেন।

অসুস্থ শ্রমিকদের প্রথমে কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর তাদের অবস্থার অবনতি হলে টঙ্গীর সরকারি হাসপাতাল এবং গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বারাকা ফ্যাশন লিমিটেডের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, “শ্রমিকরা টিফিন খেয়ে অসুস্থ হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল, পরে তাদের অবস্থা গুরুতর হলে হাসপাতালে পাঠানো হয়।”

টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. কাজী কাশফিয়া তাবাসসুম জানান, “অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং সবাই দ্রুত সুস্থ হয়ে উঠেছেন।”

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর ইসমাইল হোসেন জানান, “শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা দেওয়া হয় এবং পরে তারা বাড়ি ফিরে গেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।”

 

আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয়: পরীমণি

অনলাইন ডেস্ক:

বৃহস্পতিবার মধ্যরাতে দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয় মাঝারি মাত্রার ভূমিকম্প। রাত ১টা ২৬ মিনিটের দিকে তীব্র কম্পনে কেঁপে ওঠে সবকিছু, তবে ভূমিকম্পটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। অনেকেই গভীর ঘুমে ছিলেন, আবার কেউ জেগে ছিলেন। যারা ভূমিকম্প অনুভব করেছেন, তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং সামাজিক মাধ্যমে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।

এই ভূমিকম্পের পর ঢাকাই চিত্রনায়িকা পরীমণি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, “আমার এমন ভার্টিগো যে ভূমিকম্পও টের পাইনা। আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয়। কেমন অসহায় লাগে এসব ভাবলে! আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।”

পরীমণি দীর্ঘদিন ধরে ভার্টিগো সমস্যায় ভুগছেন। ভার্টিগো হলো মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি। এই অসুখের কারণে মাঝে মাঝে তাকে হাসপাতালে যেতে হয়। পরীর এই পোস্টে তার ভক্তরা তাকে দ্রুত সুস্থ হওয়ার কামনা করেছেন এবং নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন।

তবে নেটিজেনদের কিছু অংশ পরীমণির পোস্ট নিয়ে মজা করতে শুরু করেন। তাদের মন্তব্যের জবাব দিতে দেখা যায় পরীমণিকে। তিনি কমেন্টে লেখেন, “এতোগুলো মূর্খ আমার এই পোস্টে হাহা দিছে! এইগুলো কি খায় আসলে!”

এদিকে, পরীমণি ব্যক্তিগত জীবনে নানা সমস্যার মধ্যেও ক্যারিয়ার নিয়ে বেশ ফুরফুরে অবস্থায় আছেন। তবে, কিছুদিন আগে ভিসা জটিলতার কারণে তিনি ভারতে নিজের ছবির প্রিমিয়ারে যেতে পারেননি, যা নিয়ে তিনি সামাজিক মাধ্যমে তার মনোভাব প্রকাশ করেন।

রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে ঋতুপর্ণা সেনগুপ্তের স্পষ্ট জবাব

অনলাইন ডেস্ক:

সাম্প্রতিক সময়ে ভারতের রাজনীতিতে তারকাদের প্রবেশ নতুন কিছু নয়। নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর প্রচারণায়, ভোট চাওয়ার কাজে, কিংবা প্রোমোশনাল অনুষ্ঠানে প্রায়ই দেখা যায় তাদের। কেউ কেউ তো সরাসরি ভোটের মাঠেও প্রার্থী হন। এবার এ নিয়ে জল্পনা শুরু হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তের রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে। তাহলে কি তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন?

গত লোকসভা নির্বাচনে হুগলি সংসদকেন্দ্রে লড়াই করেছিলেন অভিনেত্রী রচনা। তার বিপরীতে ছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। ভোটে প্রতিদ্বন্দ্বী নেত্রী লকেটকে হারিয়ে জয়ী হয়েছিলেন রচনা। আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এ পরিস্থিতিতে, ঋতুপর্ণা কি এবার রাজনীতিতে নামবেন?

এই প্রশ্নের উত্তরে, ঋতুপর্ণা স্পষ্টভাবে জানিয়েছেন, “আমি রাজনীতির কিছু বুঝি না। তাই রাজনীতি থেকে দূরে আছি। আমি একজন শিল্পী, এবং শিল্পী হিসেবেই থাকতে চাই।” তবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি তাকে কখনো রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব দেন, সে বিষয়ে তিনি বলেন, “তখন আমি মুখ্যমন্ত্রীকেই এ বিষয় নিয়ে কথা বলব।”

এই কথা গুলো তিনি চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে অনুষ্ঠিত চুঁচুড়া উৎসবে অতিথি হিসেবে গিয়ে বলেন। সেখানে তিনি এসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

এতদিন তারকাদের রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে নানা ধারণা থাকলেও, ঋতুপর্ণার উত্তর স্পষ্ট – তিনি রাজনীতি থেকে দূরে থাকতে চান এবং শিল্পী হিসেবেই কাজ চালিয়ে যেতে চান।

অবসর নেওয়ার ঘোষণা রাশমিকার !

অনলাইন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা সম্প্রতি গুরুতর পায়ে চোট পান। ‘সিকান্দার’ সিনেমার শুটিং চলাকালে শরীরচর্চা করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পায়ে ভর দিয়ে হাঁটতেও পারছেন না তিনি, আর এই ঘটনায় ছবির শুটিংও বিপাকে পড়েছে। তবে, এই সব কিছুর মাঝে রাশমিকা সম্প্রতি বিমানবন্দরে আসেন, যেখানে তিনি মুখ ঢেকে উপস্থিত হন।

এই চোটের মধ্যেই অভিনেত্রী এক অবাক করা ঘোষণা করেন। রাশমিকা জানিয়েছেন, তার আসন্ন ছবি ছাবায়ের ট্রেলার প্রকাশের সময় তিনি অভিনয় থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন। ছবিতে মারাঠা রাণী যশুবাঈয়ের চরিত্রে অভিনয় করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তবে, সেই চরিত্র শেষ হলে, তিনি অভিনয় থেকে অবসর নিতে প্রস্তুত বলেও জানান নায়িকা।

অভিনেত্রী বলেন, “ছাবা ছবির কাজ শেষ হলে আমি অবসর নিতে প্রস্তুত। আমি কখনোই কান্নাকাটির অভিনেত্রী নই, তবে ট্রেলারটি দেখার পর আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি।”

এদিকে, ছাবা ছবির ট্রেলার ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং দর্শকরা এই ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ছবিতে রাশমিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল, আশুতোষ রানা, দিব্যা দত্ত, নীল ভূপালম, সন্তোষ জুভেকার এবং প্রদীপ রাওয়াত। ছবিটি ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে, ছত্রপতি শিবাজীর জন্মবার্ষিকীর কয়েকদিন আগে।

৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হলেন যাঁরা

অনলাইন ডেস্ক:

আগামী ২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)। গত বৃহস্পতিবার আমেরিকান অভিনেত্রী র‌্যাচেল সেনোট ও চীনা বংশোদ্ভূত আমেরিকান কমেডিয়ান বোয়েন ইয়াং ঘোষণা করেছেন এই বছরের মনোনীতদের নাম। এবারের অস্কারে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল সিনেমা এমিলিয়া পেরেজ, যা ১৩টি বিভাগে মনোনীত হয়েছে।

এখন দেখে নেওয়া যাক, কোন কোন ছবি ও অভিনেতা-অভিনেত্রী মনোনয়ন পেলেন:

সেরা ছবি

  • আনোরা
  • দ্য ব্রুটালিস্ট
  • এ কমপ্লিট আননোন
  • কনক্লেভ
  • ডুন: পার্ট টু
  • এমিলিয়া পেরেজ
  • আই’ম স্টিল হিয়ার
  • নিকেল বয়েজ
  • দ্য সাবস্ট্যান্স
  • উইকড

সেরা পরিচালক

  • আনোরা
  • দ্য ব্রুটালিস্ট
  • এ কমপ্লিট আননোন
  • এমিলিয়া পেরেজ
  • দ্য সাবস্ট্যান্স

সেরা অভিনেতা

  • অ্যাড্রিয়েন ব্রডি, দ্য ব্রুটালিস্ট
  • টিমোথি চালামেট, এ কমপ্লিট আননোন
  • কোলম্যান ডোমিঙ্গো, সিং সিং
  • রে ফিয়েনেস, কনক্লেভ
  • সেবাস্টিয়ান স্ট্যান, দ্য অ্যাপ্রেন্টিস

সেরা অভিনেত্রী

  • সিনথিয়া এরিভো, উইকড
  • কার্লা সোফিয়া গ্যাসকন, এমিলিয়া পেরেজ
  • মাইকি ম্যাডিসন, অ্যানোরা
  • ডেমি মুর, দ্য সাবস্ট্যান্স
  • ফার্নান্ডা টরেস, আই’ম স্টিল হিয়ার

সেরা পাশ্বচরিত্র অভিনেতা

  • ইউরা বোরিসভ, অ্যানোরা
  • কিরান কুলকিন, আ রিয়েল পেইন
  • এডওয়ার্ড নর্টন, এ কমপ্লিট আননোন
  • গাই পিয়ার্স, দ্য ব্রুটালিস্ট
  • জেরেমি স্ট্রং, দ্য অ্যাপ্রেন্টিস

সেরা সহ-অভিনেত্রী

  • মনিকা বারবারো, এ কমপ্লিট আননোন
  • আরিয়ানা গ্র্যান্ডে, উইকড
  • ফেলিসিটি জোন্স, দ্য ব্রুটালিস্ট
  • ইসাবেলা রোসেলিনি, কনক্লেভ
  • জো সালদানা, এমিলিয়া পেরেজ

সেরা পোশাক নকশা

  • এ কমপ্লিট আননোন
  • কনক্লেভ
  • গ্ল্যাডিয়েটর ওও
  • নোসফেরাতু
  • উইকড

সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং

  • এ ডিফারেন্ট ম্যান
  • এমিলিয়া পেরেজ
  • নোসফেরাতু
  • দ্য সাবস্ট্যান্স
  • উইকড

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম

  • বিউটিফুল মেন
  • ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস
  • ম্যাজিক ক্যান্ডিস
  • ওয়ান্ডার টু ওয়ান্ডার
  • ইয়াক!

সেরা লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম

  • এ লিয়েন
  • অনুজা
  • আই অ্যাম নট আ রোবট
  • দ্য লাস্ট রেঞ্জার
  • দ্য ম্যান হু ওয়াড নট রিমেইন সাইলেন্ট

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য

  • এ কমপ্লিট আননোন
  • কনক্লেভ
  • এমিলিয়া পেরেজ
  • নিকেল বয়েজ
  • গান গাও

সেরা মৌলিক চিত্রনাট্য

  • আনোরা
  • দ্য ব্রুটালিস্ট
  • এ রিয়েল পেইন
  • ৫ সেপ্টেম্বর
  • দ্য সাবস্ট্যান্স

সেরা মৌলিক গান

  • ‘এল মাল,’ এমিলিয়া পেরেজ
  • ‘দ্য জার্নি,’ দ্য সিক্স ট্রিপল এইট
  • ‘লাইক আ বার্ড,’ সিং সিং
  • ‘মি ক্যামিনো,’ এমিলিয়া পেরেজ
  • ‘নেভার টু লেট,’ এলটন জন নেভার টু লেট

সেরা মৌলিক সুর

  • দ্য ব্রুটালিস্ট
  • কনক্লেভ
  • এমিলিয়া পেরেজ
  • উইকড
  • দ্য ওয়াইল্ড রোবট

এবারে অস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশের পর, চলচ্চিত্রপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন ২ মার্চের আয়োজনের।

সর্বশেষ খবর

পর্তুগালের ড্রেসিংরুম নিয়ে যা বললেন ব্রুনো ফার্নান্দেজ

0
অনলাইন ডেস্ক: পর্তুগালের ক্যাম্প ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো চলে গেছেন, এই খবর নতুন নয়। দলের ড্রেসিংরুমে একের পর এক নাটক নিয়ে মুখ খুললেন জাতীয় দলে তার...