Wednesday, September 30, 2026
31 C
Dhaka
Wednesday, September 30, 2026

কুড়িগ্রামে ‘মার্চ ফর ফেলানী’ ঘোষনা

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামে অনুষ্ঠিত ‘মার্চ ফর ফেলানী’ কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয় সারজিস আলম সীমান্ত হত্যার জন্য আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করেছেন। তিনি বলেন, “আমরা বাংলাদেশের সীমান্তে আর কোনো লাশ দেখতে চাই না। সীমান্তে নিহত সব নাগরিকের জন্য আন্তর্জাতিক আদালতে বিচার নিশ্চিত করতে হবে।”

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে কুড়িগ্রামের জেলা শহরের কলেজ মোড় থেকে লং মার্চ শুরু হয়ে নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ গ্রামে ফেলানীর বাড়িতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

সারজিস আলম আরও বলেন, “যদি আমাদের কোনো ভাই বা বোনের লাশ কাটাতাঁরের ওপর ঝুলতে দেখি, তবে সেই কাটাতাঁরের উদ্দেশ্যে লং মার্চ করা হবে। এই আন্দোলন সীমান্তের প্রতিটি বাঁধাকে ভেদ করে সামনের দিকে অগ্রসর হবে।”

তিনি স্পষ্ট করে বলেন, “সীমান্ত হত্যার বিরুদ্ধে আমাদের আন্দোলন শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না, এটি সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হবে। নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেওয়া হবে না। ক্ষমতায় থাকা কোনো সরকার যদি বিদেশি শক্তির দালাল হয়ে ওঠে, তবে তাদের পরিণতি কঠোর হবে।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আরিফ সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ আহসানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। ফেলানীর বাবা নুর ইসলামও লং মার্চে অংশ নেন।

সারজিস আলম লং মার্চ শুরুর সময় ৫ দফা দাবি জানান, যার মধ্যে রয়েছে ফেলানী হত্যাসহ সব সীমান্ত হত্যার বিচার, সীমান্তে মরণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ, শহিদ ফেলানীর নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নামকরণ, নতজানু পররাষ্ট্রনীতি বাতিল এবং কুড়িগ্রামের চর এলাকার উন্নয়নে নদী সংস্কার।

লং মার্চ শেষে নাগেশ্বরীর নাখারগঞ্জ বাজারে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মুক্তির পর জেলগেটে বিএনপির নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার বশির উদ্দিন জানান, বাবর কারাগার থেকে বের হওয়ার পরপরই তার কর্মসূচি শুরু করেন। তিনি প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি রাজধানীর পল্টনে বিএনপির কার্যালয়ে যাবেন এবং সেখান থেকে নেত্রকোনার পৈতৃক বাড়িতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে, বুধবার (১৫ জানুয়ারি) হাইকোর্ট ১০ ট্রাক অস্ত্র আইনের মামলায় বাবরসহ পাঁচজনকে খালাস দেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরীন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

প্রসঙ্গত, ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের জেটি থেকে ১০ ট্রাক অস্ত্র জব্দ করা হয়েছিল। এ ঘটনায় কর্ণফুলী থানায় দুটি অস্ত্র ও দুটি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেন।

হাইকোর্টের সাম্প্রতিক রায়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বাবরসহ ছয়জনের মৃত্যুদণ্ড বাতিল করে তাদের খালাস দেওয়া হয়। অবশেষে এই রায়ের ভিত্তিতে কারামুক্ত হন লুৎফুজ্জামান বাবর।

দেশে প্রথমবারের মতো এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত হয়ে সানজিদা আক্তার (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।

এই প্রথম বাংলাদেশে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটল। বিষয়টি নিশ্চিত করেছেন সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার।

গত ১২ জানুয়ারি সানজিদা আক্তারের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত হয়। জানা গেছে, তার কোনো বিদেশ ভ্রমণের ইতিহাস নেই এবং তার স্বামীও সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেননি।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম ২০১৭ সালে এইচএমপিভি ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে ভাইরাসটি প্রতিবছরই সীমিত পরিসরে শনাক্ত হলেও মৃত্যুর ঘটনা এবারই প্রথম।

সাম্প্রতিক সময়ে এই ভাইরাসের প্রাদুর্ভাব চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে বৃদ্ধি পাওয়ায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) জানিয়েছে, এইচএমপিভি সংক্রমণ বিশেষত ১৪ বছরের কম বয়সী শিশু এবং ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি হাঁপানি, ক্রনিক পালমোনারি ডিজিজ, গর্ভবতী নারী এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরাও উচ্চ ঝুঁকিতে রয়েছেন।

বিশেষজ্ঞরা ভাইরাসটি নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

হোটেল-রেস্তোরাঁ ভ্যাট বৃদ্ধি থেকে সরে এল সরকার, বহাল থাকছে ৫ শতাংশ হার

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

হোটেল ও রেস্তোরাঁ খাতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। ফলে পূর্বের ৫ শতাংশ ভ্যাট হারই বহাল থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। তিনি জানান, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অথবা রবিবার এ সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।

এনবিআর কর্মকর্তা বলেন, “মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের আওতায় রেস্তোরাঁ সেবায় ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সরকার এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ৫ শতাংশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। আদেশ জারির মাধ্যমে বিষয়টি কার্যকর করা হবে।”

রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ইতোমধ্যে রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়ে চিঠি দিয়ে জানিয়েছি। এর পরেও মানববন্ধনের কোনো প্রয়োজন নেই। আমরা মালিকদের অনুরোধ করছি, তারা যেন স্ব স্ব কাজে ফিরে যান।”

সরকারের এই সিদ্ধান্তে হোটেল ও রেস্তোরাঁ মালিকরা স্বস্তি প্রকাশ করেছেন। আশা করা হচ্ছে, এ উদ্যোগের মাধ্যমে সেবামূল্য স্থিতিশীল থাকবে এবং গ্রাহকদের উপর অতিরিক্ত চাপ পড়বে না।

বিপদমুক্ত আছেন সাইফ আলি খান: চিকিৎসক

অনলাইন ডেস্ক:

বলিউড অভিনেতা সাইফ আলি খান ছুরিকাঘাতে আহত হয়েছেন। বুধবার গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ঢুকে একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় সাইফকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর তিনি এখন বিপদমুক্ত। তার স্নায়ুতে আঘাতের কারণে কসমেটিক সার্জারি করতে হয়েছে। চিকিৎসকেরা সাইফের শরীর থেকে ২-৩ ইঞ্চি লম্বা একটি ধারালো বস্তু বের করেছেন, যা সম্ভবত ছুরির ভাঙা অংশ।

হামলার সময় সাইফের দুই সন্তান তৈমুর আলি খান ও জে আলি খান বাড়িতে ছিলেন। তার স্ত্রী কারিনা কাপুর খান ছিলেন বোন কারিশমা কাপুর এবং বন্ধু রিয়া কাপুর ও সোনম কাপুরের সঙ্গে।

ঘটনার পর সাইফ-কারিনার টিম একটি বিবৃতি দিয়েছে। তবে কারিনা এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি।

পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। সাইফের ওপর এই নৃশংস হামলা বলিউডসহ তার ভক্তদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

ইন্দোনেশিয়া সরকারের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা প্রদানের উদ্যোগ

অনলাইন ডেস্ক:

ইন্দোনেশিয়া আগামী মাস থেকে একটি বৃহৎ স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি চালু করতে যাচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে দেশটি আগামী পাঁচ বছরে অন্তত ২০ কোটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা প্রদান করবে। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অধীনে সরকারের এই উদ্যোগটি দেশের মানবসম্পদ উন্নয়নের একটি অংশ হিসেবে নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন জানিয়েছেন, নতুন কর্মসূচির আওতায় ৭০ শতাংশ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যারা আর্থিক সীমাবদ্ধতার কারণে এই সেবা গ্রহণ করতে পারেন না। প্রথম বছরে ৬ কোটি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং ২০২৫ সালে এর জন্য ৪ দশমিক ৭ ট্রিলিয়ন রুপিয়া বরাদ্দ করা হয়েছে।

প্রাপ্তবয়স্কদের জন্য ক্যানসার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদি রোগ শনাক্ত করা হবে, এবং শিশুদের জন্য অপুষ্টি ও জেনেটিক রোগ পরীক্ষা করা হবে।

অনেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বেকাসির ৭৫ বছর বয়সী নাগরিক ওনিহ বলেন, “আমার পা দুর্বল হয়ে পড়েছে, তাই দূরে যেতে পারি না। আশা করছি, নতুন কর্মসূচির মাধ্যমে ঘরে ঘরে গিয়ে সেবা প্রদান করা হবে, যেমন কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হয়েছিল।” তবে, কিছু বিশেষজ্ঞ এই কর্মসূচির বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলছেন, দেশটির অনেক অঞ্চলে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং ল্যাবের অভাব রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন করা হবে, যাতে প্রত্যেক নাগরিক ৩০ মিনিট থেকে এক ঘণ্টার মধ্যে স্বাস্থ্যসেবা কেন্দ্রে পৌঁছাতে পারে। এছাড়া, নাগরিকদের ‘সাতু সেহাত’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে, যাতে তারা তাদের জন্মদিনে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন।

এছাড়া, এই উদ্যোগটি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ৮ শতাংশ বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে সহায়তা করবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “যদি মানুষ অসুস্থ থাকে, তবে দেশের উন্নয়ন সম্ভব নয়। সঠিক স্বাস্থ্যসেবা ছাড়া মেধাবী ব্যক্তিরাও তাদের সর্বোচ্চ অবদান রাখতে পারবেন না।”

সূত্র: নিক্কেই এশিয়া

 

 

নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি করবে ইরান-রাশিয়া

অনলাইন ডেস্ক:

ইরান ও রাশিয়া আগামী শুক্রবার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করতে যাচ্ছে, যা উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সাম্প্রতিক চুক্তির মতোই। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মস্কো সফরকালে এই চুক্তি সই করবেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার জানান, ইরান ও রাশিয়ার মধ্যে আসন্ন এই চুক্তি দুটি দেশের নিরাপত্তা নিশ্চিত করবে এবং এর মাধ্যমে তাদের অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী হবে।

ল্যাভরভ বলেন, চুক্তির লক্ষ্য হচ্ছে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক এবং সামাজিক সমস্যা সমাধান করা। এই চুক্তি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে কোনো দেশের ক্ষতি না হয়, বরং এটি উভয় দেশের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি আরও জানান, চুক্তির খসড়া তৈরির সময় ইরানের আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতা রক্ষার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে।

গত সোমবার ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৭ জানুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করবেন। এই চুক্তি মোট ৪৭টি অনুচ্ছেদ নিয়ে তৈরি করা হয়েছে, যা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার জন্য রূপরেখা প্রস্তাব করবে।

প্রসঙ্গত, গত জুনে পিয়ংইয়ংয়ে এক শীর্ষ সম্মেলন শেষে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও রুশ প্রেসিডেন্ট পুতিন দুই দেশের মধ্যে একটি কৌশলগত চুক্তি সই করেছিলেন, যার আওতায় সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে একে অপরকে সহায়তা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

সূত্র: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক:

আগামী সোমবার, ২০ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ অনুষ্ঠান উপলক্ষে ওয়াশিংটনজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। শহরের বিভিন্ন অংশে ২৫ হাজার নিরাপত্তা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে এবং শত শত দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে।

বিশেষ করে, শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ইউএস ক্যাপিটল ভবনের সিঁড়িতে, যেখানে ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা হামলা চালিয়েছিল। এমন পরিস্থিতির কারণে, পুরো শহরকে নজরদারিতে রাখার জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, কারণ এই অনুষ্ঠানের আগে ট্রাম্পের সমর্থকদের সমাবেশ এবং বিরোধীদের প্রতিবাদ সমাবেশের পরিকল্পনা রয়েছে।

অতিরিক্ত সতর্কতার কারণ হিসেবে একক হামলার শঙ্কা এবং ট্রাম্পের নিরাপত্তায় পূর্বের দুটি হত্যাচেষ্টা উল্লেখ করা হচ্ছে। গত সপ্তাহে, এক ব্যক্তিকে চাপাতি নিয়ে ক্যাপিটলে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়েছে। এর আগে, নববর্ষের দিনে যুক্তরাষ্ট্রে দুটি ভয়াবহ হামলা ঘটেছিল, একটিতে নিউ অরলিন্সে ১৪ জন নিহত হয় এবং অন্যটিতে লাস ভেগাসে আত্মঘাতী হামলা চালানো হয়।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট কোনো সমন্বিত হুমকি পাওয়া যায়নি, তবে একক হামলার আশঙ্কা এখনো বিদ্যমান।

সূত্র: রয়টার্স

ইরানের নৌবাহিনীতে উচ্চপ্রযুক্তির গোয়েন্দা জাহাজ

অনলাইন ডেস্ক:

ইরান তাদের নৌবাহিনীতে প্রথমবারের মতো একটি উচ্চপ্রযুক্তির গোয়েন্দা জাহাজ যুক্ত করেছে। এই জাহাজটি সিগন্যালস ইন্টেলিজেন্স শিপ (SIGINT) হিসেবে পরিচিত, যা দেশটির সামরিক শক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। গতকাল বুধবার ইরানের নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় এই নতুন জাহাজটি।

ইরানের আধা-রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসনিমের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, নতুন জাহাজটির নাম ‘জ্যাগরস’ এবং এটি অত্যাধুনিক বৈদ্যুতিক সেন্সর প্রযুক্তি দ্বারা সজ্জিত। এই সেন্সরগুলির মাধ্যমে ইরান সাইবার হামলা ঠেকাতে এবং গোয়েন্দাবৃত্তি কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।

ইরানের নৌ কমান্ডার শাহরাম ইরানি বলেন, “এই জ্যাগরস গোয়েন্দা জাহাজ হবে সাগর ও মহাসাগরে ইরানের সদা জাগ্রত চোখ।” তিনি আরও জানান, চলতি মাসের শুরুতে ইরান একটি দুই মাসব্যাপী সামরিক মহড়া শুরু করেছে, যার অংশ হিসেবে পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার মহড়া সম্পন্ন করেছে রেভল্যুশনারি গার্ডস।

এদিকে, ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের উত্তেজনা তুঙ্গে থাকার পর, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। এসব কারণেই ইরান তার সামরিক প্রস্তুতি আরো ত্বরান্বিত করেছে। গত অক্টোবরে ইরান সরকারের মুখপাত্র জানিয়েছিলেন যে, দেশটি ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় সামরিক খাতে বরাদ্দ দ্বিগুণ করার পরিকল্পনা করছে।

এই নতুন গোয়েন্দা জাহাজটি ইরানের সামরিক শক্তি ও সুরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে, বিশেষ করে আন্তর্জাতিক জলসীমায় দেশটির মনিটরিং ক্ষমতা বৃদ্ধি পাবে।

বৈশ্বিক রাজনৈতিক অনিশ্চয়তায় পণ্যবাজার ঊর্ধ্বমুখী

অনলাইন ডেস্ক:

গত সপ্তাহে বৈশ্বিক পণ্যবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে, বিশেষত মূল্যবান ধাতুগুলোর বাজারে। বৈশ্বিক রাজনীতিতে অনিশ্চয়তার কারণে এই দাম বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। বিশেষ করে স্বর্ণের দাম ২ শতাংশ বেড়েছে, রুপা ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ২ দশমিক ৫ ও ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে। তামারের দাম বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ এবং অ্যালুমিনিয়াম ও নিকেলের দাম যথাক্রমে ৩ দশমিক ৩ ও ৩ শতাংশ বেড়েছে। তবে, সিসার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে, কিন্তু দস্তার বাজারদর কমেছে।

এছাড়া, জ্বালানি তেলের বাজারও গত সপ্তাহে বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রশাসন রাশিয়ার জ্বালানি খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করার পর, সরবরাহ সংকটের আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে গেছে। প্রাকৃতিক গ্যাসের দামও ১২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার কমে ৪ দশমিক ২ শতাংশ থেকে ৪ দশমিক ১ শতাংশে নেমে এসেছে। ডিসেম্বরে, অপ্রাতিষ্ঠানিক বেতন-মজুরি গ্রহীতা ছিল নভেম্বরের তুলনায় ২ লাখ ৫৬ হাজার জন বেশি, যা সংশ্লিষ্টদের প্রত্যাশা ছাড়িয়েছে। তবে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমানোর বিষয়ে সতর্ক অবস্থান বজায় রেখেছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী হলেও চলতি বছরের জুনের আগে ফেড সুদহার কমানোর সম্ভাবনা কম। পাশাপাশি, আগামী দিনগুলোতে ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতি সম্পর্কেও উদ্বেগ তৈরি হয়েছে, যা বৈশ্বিক পণ্যবাজারে অস্থিরতা সৃষ্টি করেছে।

চীনের পিপলস ব্যাংকের স্বর্ণ মজুত বাড়ানোর প্রবণতা এবং কানাডার খনি কোম্পানি ব্যারিক গোল্ডের মালির খনির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার কারণে স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখিতা লক্ষ্য করা গেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ খবর

বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু

0
নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলের কোটি মানুষের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বর্তমান বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিতে শুরু করেছে। সরকারের তৎপরতার অংশ হিসেবে এ মহাপরিকল্পনার...