কথিত জুলাইযোদ্ধা সুরভী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন নিজেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি করা তাহরিমা জান্নাত সুরভী (২১)। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ওসি নাসির উদ্দিন। পুলিশ জানায়, সুরভীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবকের দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ ও ব্ল্যাকমেইলিংয়ের গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে বর্তমান সরকারের উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সুরভী নিজেকে চব্বিশের গণঅভ্যুত্থানের সমন্বয়ক পরিচয় দিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে তুলেছিলেন। সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে আন্দোলনের মামলার ভয় দেখিয়ে আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এই চক্রের বিরুদ্ধে। পুলিশের দাবি, এই চক্রটি এ পর্যন্ত বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

অভিযান শেষে গ্রেফতারকৃত সুরভীকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।