হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৩০৫

নিজস্ব  প্রতিবেদক:

দেশে হাম পরিস্থিতিতে নতুন করে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। ২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২২১ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮৪ জন। ফলে এই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩০৫ জন।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি। মারা যাওয়া ছয়জনই সন্দেহজনক হাম রোগী।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ ২০২৬ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৫ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৪৬ জন।

 

একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন।

 

মৃত্যুর হিসাবেও পরিস্থিতির উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ৯৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয়জন।

 

অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হাম রোগে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকায় দুজন এবং সিলেটে দুজন রয়েছেন। নিশ্চিত হাম রোগে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

 

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টার এই হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।