অনলাইন ডেস্ক:
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডা তাঁদের বিবাহিত জীবনের দুই বছরের মাথায় সুখবর দিলেন— তাঁরা প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। এই খবরটি সোমবার (২৫ আগস্ট) স্বয়ং তারকা দম্পতি ইনস্টাগ্রামের মাধ্যমে শেয়ার করেন।
একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করে পরিণীতি লেখেন, “One plus one = three” এর সঙ্গে তিনি যোগ করেন, “আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।”
এই খবরে চোপড়া ও চাড্ডা পরিবারে বইছে খুশির জোয়ার। বলিউড এবং রাজনৈতিক মহলেও শুভেচ্ছার বন্যা।
তবে, এই সুখবরকে ঘিরে পুরনো বিতর্কও উঠে এসেছে সামনে।
২০১৩ সালে এক সাক্ষাৎকারে পরিণীতি বলেছিলেন, “আমি অনেকগুলো বাচ্চা চাই। এতবার সন্তানধারণ সম্ভব নয়, তাই দত্তক নেওয়াই ভালো।” এই মন্তব্যকে ঘিরে এখন নিন্দুকেরা প্রশ্ন তুলছেন, “তবে কি দত্তক আর নেবেন না? সন্তানধারণের পথই তো বেছে নিলেন!”
শুধু তাই নয়, পুরনো সাক্ষাৎকারে পরিণীতি জানিয়েছিলেন, তিনি কখনও রাজনীতিককে বিয়ে করবেন না। অথচ ভাগ্যের পরিহাস, ২০২৩ সালে আম আদমি পার্টির নেতা ও রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডার সঙ্গেই তাঁর বিয়ে হয়।
ভালোবাসা ও বিশ্বাসের গল্পে পরিণীতি ও রাঘবের পথচলা নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। এবার তাঁরা অপেক্ষায় তাঁদের ছোট অতিথির।











