অনলাইন ডেস্ক:
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ। গত শনিবার রাতে বগুড়া শহরের কলোনি এলাকার পৃথক স্থানে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুস সালাম (৬৮) এবং ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. পিয়াস আহমেদ (৩২)। গতকাল রোববার সকালে এতথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি হাসান বাসির।
তিনি জানান, গত শনিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে পিয়াস আহমেদকে কলোনির তাজমা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত পৌনে ১১টার দিকে আরেক অভিযানে একই এলাকা থেকে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, আসামিদের থানায় হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।











