বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মোস্তফা সরয়ার ফারুকী

অনলাইন ডেস্ক:

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার সংসার ভাঙছে—শোবিজ অঙ্গনে ছড়িয়ে পড়া এমন গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা খবর ও ব্যক্তিগত আক্রমণ হিসেবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, এ নিয়ে তিনি বা তিশা কেউই কোনো মন্তব্য করতে চান না; বরং সবাইকে তাদের নতুন কাজ নিয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন এই নির্মাতা।

সংসার ভাঙনের গুঞ্জন নিয়ে জানতে চাইলে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “আমাকে নিয়ে তো নানা প্রোপাগান্ডা, মিথ্যা নিউজ প্রচার শুরু হয়েছে আরো আগে থেকে। এখন চলছে ব্যক্তিগত আক্রমণ। আসলে মিথ্যা নিউজে তো ঘটনা সত্য হয় না। আর এসব নিয়ে কথা বলা মানে আরো প্রশ্রয় দেওয়া। তাই এ বিষয়ে আমি বা তিশা কেউই কোনো মন্তব্য করতে চাই না। এর চেয়ে বরং নতুন কাজ করছি, আসুন নতুন কাজ নিয়ে কথা বলি।”

ব্যক্তিগত জীবন নিয়ে চারদিকে নানা আলোচনা চললেও নিজের কাজ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গত ১০ অক্টোবর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন তিনি। সেখানে চলচ্চিত্র নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। বুসানে যাওয়ার আগেই তিনি শেষ করেছিলেন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ। এরপর গত ১৭ অক্টোবর দেশে ফিরে এসেই শুরু করেন নতুন বিজ্ঞাপনের কাজ।

বর্তমানে তিনটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ নিয়ে ব্যস্ত রয়েছেন এই নির্মাতা। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবাবিষয়ক এবং বাকি দুটি ভবন নির্মাণসামগ্রীর কাজ। ইতোমধ্যে এর মধ্যে একটি বিজ্ঞাপনের শুটিং শেষ হয়েছে। এই বিজ্ঞাপনটির দৃশ্যধারণ করা হয়েছে ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায়।

বিজ্ঞাপনের পাশাপাশি নতুন সিনেমার চিত্রনাট্য লেখার কাজও চালিয়ে যাচ্ছেন ফারুকী। একটি সিনেমার গল্প লেখা শেষ করে তিনি ইতোমধ্যে হাত দিয়েছেন আরেকটি নতুন সিনেমার চিত্রনাট্যে।

নতুন সিনেমা নিয়ে বিস্তারিত জানিয়ে তিনি বলেন, “ফিল্মের স্ক্রিপ্ট লিখছি। একটা নতুন দিনের প্রেমের গল্প অথবা বলা যায় প্রেম আর বন্ধুত্বের বাইরে যে নো ম্যানস ল্যান্ড থাকে, সেটার গল্প। অথবা সেটাও প্রেমই। প্রেমের বর্ধিত মানচিত্রের গল্প। আপাতত নাম রেখেছি ‘টু হেল, উইথ লাভ’।”

পাশাপাশি আরেকটি চিত্রনাট্যের কাজও ইতিমধ্যে শেষ করেছেন বলে জানান মোস্তফা সরয়ার ফারুকী। তার এই নতুন সিনেমার গল্পে উঠে আসবে সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা। তবে সিনেমাটির নাম এখনো চূড়ান্ত করা হয়নি।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “আরেকটা স্ক্রিপ্ট লেখা আছে, সেটা আমাদের সময়ের রাজনৈতিক মানচিত্রের গল্প। এটার নাম এখনো ঠিক হয়নি। রাজনীতি বললে পলিটিক্যাল স্যাটায়ার ভাবতে পারে অনেকে, যেহেতু আমি আগেও স্যাটায়ার করেছি। এটা আসলে ভীষণ হার্ট ব্রেকিং একটা স্টোরি।”

এদিকে নির্মাতা স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর পাশাপাশি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও নিজের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ‘ফুলস্ক্রিন’ নামে নিজস্ব একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এই অভিনেত্রী। গত ২৮ সেপ্টেম্বর এই প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত একটি নতুন নাটক।

তিশার এই নতুন কার্যক্রম সম্পর্কে মোস্তফা সরয়ার ফারুকী জানান, বর্তমানে নতুন একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত সময় পার করছেন তিশা।

তবে নতুন এই আন্তর্জাতিক সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি নির্মাতা ফারুকী। সবকিছু চূড়ান্তভাবে সম্পন্ন হলে দ্রুতই এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।