নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে ৩১ ডিসেম্বর থেকে আগামী ১ ও ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন ও জানাজার আয়োজন করা হবে। বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সংলগ্ন জিয়া উদ্যানে তাকে দাফন করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, জানাজার চূড়ান্ত সময় নির্ধারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সম্ভাব্যভাবে জোহরের পরই জানাজা অনুষ্ঠিত হতে পারে। বর্তমানে বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে বুধবার সকালে সেখান থেকে মরদেহ জাতীয় সংসদ ভবনে নেওয়া হবে। মূল সড়ক ব্যবহার করে এ যাত্রা সম্পন্ন করা হবে বলে সময় কিছুটা বেশি লাগতে পারে।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ সময় ধরে সেখানেই চিকিৎসাধীন ছিলেন।











