রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক:

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সম্প্রতি একটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সেনাবাহিনীর ওই কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে সেনাবাহিনী।

এরপর গত ১৭ জুলাই ওই কর্মকর্তাকে রাজধানীর উত্তরা এলাকার নিজ বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তদন্ত কার্যক্রমে বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গেও প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হচ্ছে।

এছাড়া উক্ত কর্মকর্তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়েও আলাদা একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। সেই তদন্ত শেষে আদালতের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা সেনানিবাসে অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনী সদর দপ্তরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, “আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনা কর্মকর্তা মেজর সাদিককে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।”