জেলা প্রতিনিধি, নওগাঁ :
নওগাঁর সাপাহার উপজেলার খঞ্জনপুর এলাকায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়ায় বর্ষার পানিতে প্রায় ১০০ বিঘা জমির আমবাগান জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে চলতি মৌসুমে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বাগান মালিকরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাপাহার উপজেলা সদর থেকে প্রায় ১ কিলোমিটার পশ্চিমে খঞ্জনপুর পাকা সড়কের উত্তর পাশে মহিলা হাফেজিয়া মাদরাসার পেছনের বিস্তীর্ণ মাঠজুড়ে পানি জমে আছে। এই মাঠ ঘেঁষে ফুটকইল, খেড়ুন্দা ও কুচিন্দা গ্রামের পানি যুগ যুগ ধরে একমাত্র একটি সরকারি নালা দিয়ে নিষ্কাশন হতো।
তবে চলতি বছর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সড়ক ও জনপথ (সিএন্ডবি) বিভাগের সরকারি জায়গা জবরদখল করে নালা ভরাট করে ফেলেন। সেখানে গড়ে তোলা হয়েছে প্রায় ২০-২৫টি আমের আড়তঘর। ফলে বর্ষাকালে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে ইসলামপুর গ্রামের বাসিন্দা ও আমবাগান মালিক মো. হাবিবুর রহমান সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি উল্লেখ করেন, খঞ্জনপুর রোডের মহিলা মাদ্রাসার পাশ দিয়ে মূল সড়কের সঙ্গে সংযুক্ত একটি সরকারি নালা ছিল, যা দিয়ে প্রতিবছর বর্ষার পানি নিষ্কাশন হতো। কিন্তু পরিকল্পিতভাবে নালা ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় এ বছর আমগাছগুলো পানিতে প্লাবিত হয়ে আছে। বাগান মালিকরা বাগানের পরিচর্যাও করতে পারছেন না।
তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত তদন্ত করে সড়কের পাশের সরকারি জায়গা ও নালা দখলমুক্ত করে পুনরায় পানি নিষ্কাশনের ব্যবস্থা চালু করা হোক। অন্যথায় আমের বানিজ্যিক এলাকা হিসেবে পরিচিত সাপাহারে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে কৃষক ও ব্যবসায়ীরা।











