অগ্নিকাণ্ডের পেছনে শেখ হাসিনার দালালদের হাত রয়েছে: সারজিস

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের পেছনে শেখ হাসিনার দালালদের হাত রয়েছে। তারা তাদের অপকর্ম ঢাকতে গুরুত্বপূর্ণ ফাইলগুলো পুড়িয়ে দিয়েছে। আজ (বৃহস্পতিবার) ফেসবুকে সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল, তাদের মধ্যে অন্যতম স্টেকহোল্ডার ছিল আমলাদের একটি বৃহৎ অংশ। এদের উপর ভর করেই হাসিনা দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল।” তিনি আরও বলেন, “যতবারই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট ও দুর্নীতির দিকে নজর দিয়েছে, এবং এসবের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, ততবারই সচিবালয়ে লুকিয়ে থাকা হাসিনার দালালরা বিভিন্ন অপকর্মের ফাইল পুড়িয়ে দিয়েছে।”

এছাড়া, উপদেষ্টা পদে থাকা ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র এবং প্রশাসনে যারা এখনও চাটার দলের মতো ঘাপটি মেরে লুকিয়ে আছে, তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান হওয়ার সময় আর নেই।”