অতিবৃষ্টির প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন সাড়ে ৭ হাজার টাকা: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ আজ সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে জানিয়েছেন, অতিরিক্ত বৃষ্টির কারণে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের কমপক্ষে সাড়ে ৭ হাজার টাকা করে দিবে সরকার।

মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, “মাঠ পর্যায়ে আমাদের কৃষি অফিসাররা এই তালিকা করছেন। তারা ক্ষতিগ্রস্তদের নানা ক্যাটাগরি করবেন এবং সহায়তা মে থেকে জুলাই তিন মাস পর্যন্ত চলবে।”

তবে ক্ষতি বিবেচনায় এ সহায়তা আরো বাড়তে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।

 

কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সমন্বিতভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা করছে। তাদের জন্য আমরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তহবিল থেকে সহায়তার ব্যবস্থা করছি। যদিও কৃষকদের যে পরিমাণ ক্ষতি হয়েছে হয়তো আমরা সেটা পোষাতে পারব না। তবে যে লোকটা এখন মহাবিপদে, যেভাবে মানসিকভাবে ভেঙে পড়েছে, সেখান থেকে কিছুটা লাঘব হয়।”

 

কোরবানির পশুর বিষয়ে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, “দেশে কোনো সংকট নেই। যে কারণে আমরা বর্ডার হাটগুলো বন্ধ করেছি এবং বিদেশ থেকে যেন গরু না আসে সে ব্যবস্থাও করেছি।”

 

‘এই ডিসি সম্মেলনে আলুর কম দামের বিষয়টি উঠে এসেছিল। আমরা এই খাদ্যপণ্যের বহুমুখী ব্যবহার আরও বাড়াতে এবং রপ্তানিযোগ্য আলু চাষে মনোযোগ দিচ্ছি। এ বছর থেকেই ফ্রেঞ্চফ্রাই ও চিপস করা যায় এমন আলুর চাষ শুরু করা হয়েছে। আশা করছিস এগুলো একসময় রপ্তানি করতে পারব’-যোগ করেন এ মন্ত্রী।