অতিরিক্ত ২ কার্গো এলএনজি ক্রয়ে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘমেয়াদি সরকার-টু-সরকার চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

 

কমিটির কাছে উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি এ বছরের ৬ ও ২২ নভেম্বর দেশে পৌঁছানোর কথা রয়েছে।

 

এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি এমএমবিটিইউতে জেকেএম নির্ধারিত মূল্যের চেয়ে শূন্য দশমিক ০২ ডলার কম। বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তিতে নির্ধারিত দামের তুলনায় এই দাম ভিন্ন।

 

অতিরিক্ত দুই কার্গো এলএনজির সরবরাহকারী হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশ করা হয়েছে।

 

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ সভায় সভাপতিত্ব করেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবটি উপস্থাপন করে।

 

দেশের জ্বালানি চাহিদা পূরণে এলএনজির সরবরাহ নিশ্চিত করতে সরকারের নেওয়া ব্যবস্থার অংশ হিসেবে এই এলএনজি কেনা হচ্ছে।