নিজস্ব প্রতিবেদক:
অপ্রয়োজনীয় খাতে সরকারি ব্যয় কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দেশের প্রয়োজনীয় খাতগুলোতে ব্যয় অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করা সরকারের অন্যতম চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং দেশের অর্থনীতির প্রয়োজনীয় রাজস্ব সংস্থানসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। এতে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে।’
সরকারের প্রতিটি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপরও গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রীর ভাষায়, ‘যার যা কাজ সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।’
সরকারের লক্ষ্য অতীতে ফিরে যাওয়া নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যেটি অতীতে হয়ে গেছে, সেটা হয়ে গেছে। আমরা সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমাদের সামনে এগোতে হলে সবাইকে একত্রে কাজ করতে হবে।’
রাজস্ব কর্মকর্তাদের শাস্তির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজ করার সুযোগ দেওয়ার কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘যারা সৎ, দক্ষ, তাদের আমরা আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই।’
রাজস্ব আদায় নিয়েও আশাবাদ ব্যক্ত করেন সরকারপ্রধান। তিনি বলেন, ফেব্রুয়ারি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত রাজস্ব আদায়ের হার ইতিবাচক ছিল। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা প্রমাণ করে, আমরা পারব।’
এ জন্য দেশপ্রেম ও আন্তরিকতার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এর আগে সকালে সম্মেলনস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।











