অভিনব উপায়ে অভিষেক বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন

অনলাইন ডেস্ক:

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন তাঁর ছেলে অভিষেক বচ্চনকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন ৪৯তম জন্মদিনে। তবে এই শুভেচ্ছা ছিল একেবারে অভিনব। ৫ ফেব্রুয়ারি, বুধবার, অভিষেক বচ্চন তার ৪৯তম জন্মদিন পালন করেছেন। এই বিশেষ দিনে, অমিতাভ তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি পুরনো ছবি শেয়ার করেছেন, যা অভিষেকের জন্মের প্রথম দিনের।

১৯৭৬ সালের ৫ ফেব্রুয়ারি, সদ্যোজাত অভিষেক বচ্চনকে প্রথমবার পরিবারের সামনে প্রদর্শন করা হয়। ছবিটি প্রসূতি ওয়ার্ডে তোলা, যেখানে ছোট্ট অভিষেককে পরিবারের সদস্যদের সামনে দেখানো হচ্ছে। ছবির মধ্যে অমিতাভ বচ্চন ছাড়াও উপস্থিত ছিলেন কিছু নার্স ও পরিবারের অন্যান্য সদস্যরা।

এটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই অমিতাভ বচ্চন একটি আবেগপূর্ণ ক্যাপশন লিখেছেন, “অভিষেক ৪৯ বছরে পদার্পণ করল। ৫ ফেব্রুয়ারি ১৯৭৬, সময় দ্রুত চলে যাচ্ছে। কখনো কখনো কিছু মুহূর্ত শেয়ার করার ইচ্ছে হয়, যা বিশেষ দিনের জন্য রাখা উচিত। এই মুহূর্তটি সত্যিই স্পেশাল।”

অমিতাভ বচ্চন তাঁর সন্তানদের সঠিক শিক্ষা দেওয়ার জন্য সবসময় চেষ্টা করেছেন, যদিও তিনি তাদের জন্য অনেক সময় দিতে পারেননি। অন্যদিকে, জয়া বচ্চন নিজের ক্যারিয়ারকে অনেকটাই বিসর্জন দিয়ে এককভাবে সংসারের দায়িত্ব পালন করেছেন।

অভিষেক বচ্চন ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। এরপর তিনি একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। যদিও তিনি বাবার মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেননি, তবে তিনি সবসময় চেষ্টা করেছেন সবার মন জয় করতে। তার অভিনীত ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমাটি গত বছর প্রশংসা কুড়িয়েছে।