অস্থিরতা কাটিয়ে ছন্দে ফিরেছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল
নিজস্ব প্রতিবেদক:
নতুন মজুরি নির্ধারণসহ কয়েকটি দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে অস্থিরতা চলছিল পোশাকশিল্প কারখানাগুলোতে। এর প্রেক্ষিতে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে। ডিসেম্বর মাস থেকেই বাড়তি বেতন কার্যকর হবে। বেতন বৃদ্ধির ঘোষণা অসন্তোষ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে সাভার ও আশুলিয়ার পোশাকশিল্প।
মহাসড়ক থেকে কাজে ফিরেছেন শ্রমিকরা। উৎপাদনে ফিরেছে কারখানা। আজ রবিবার সকাল থেকে শ্রমিকদের কাজে ফিরতে দেখা গেছে। কোথাও কোনো আন্দোলনের তথ্য পাওয়া যায়নি।
শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিক আন্দোলন বা অসন্তোষের কারণে আজ কোনো কারখানা বন্ধ নেই। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, আগে থেকেই বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারায় ১১টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া দুটি কারখানায় ছুটি চলছে।
আজ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সাভার, আশুলিয়া, জিরাবো, বাইপাইল ও জামগড়া এলাকার বিভিন্ন কারখানা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই শ্রমিকরা সারিবদ্ধভাবে কারখানায় প্রবেশ করেন। নির্ধারিত সময়ে শুরু হয় উৎপাদন কার্যক্রম। কারখানার ভেতরে যন্ত্রের শব্দ আর শ্রমিকদের কর্মব্যস্ততায় ফিরে এসেছে চেনা কর্মচাঞ্চল্য।
জিরোবা এলাকার পোশাক শ্রমিক রবিউল তালুকদার কারখানার প্রবেশের সময় বলেন, ‘ন্যূনতম মজুরি নির্ধারণে আমরা পুরোপুরি খুশি না হলেও মেনে নিয়েছি। গত মাসে কারখানা কিছু দিন বন্ধ থাকায় ডিউটি কম হয়েছে। বেতন পেয়েছি অর্ধেকেরও কম। যা দিয়ে সংসার চলছে না। আমরা কাজে ফিরেছি।’
রেহেনা পারভীন নামের এক শ্রমিক বলেন, ‘আমরা কাজ করে খাইতে চাই। যেটুকু বেতন বাড়াইবো কইছে, সেটুকু পাইলে হবে।’
পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে কোনো কারখানায় শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিল্প পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানান তিনি।
এদিকে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে পোশাকশিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যেও। তারা আশা করছেন, কারখানাগুলোতে নিয়মিত উৎপাদন অব্যাহত থাকলে বিদেশি ক্রেতাদের দেওয়া ক্রয়াদেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ করা সম্ভব হবে। এতে রপ্তানি কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।
