লোডশেডিংয়ে তিন মাসে ৫৪ হাজার কোটি টাকার ক্ষতি
নিজস্ব প্রতিবেদক:
গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত দেশের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে লোডশেডিং। এই তিন মাসে বিদ্যুতের ঘাটতির কারণে অর্থনীতির ক্ষতি হয়েছে ৫৪ হাজার ৯০ কোটি টাকা। এই সময়ে মোট বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি ছিল ২ হাজার ৩৭৮ দশমিক ৬ গিগাওয়াট ঘণ্টা।
শিল্প-কারখানাসহ দেশের বিভিন্ন খাতের উৎপাদন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার ফলেই এই আর্থিক ক্ষতি হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড (রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট)-এর এক গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
আজ রবিবার প্রকাশিত ‘এনার্জি ক্রাইসিস ইন বাংলাদেশ : ইমিডিয়েট টু লংগার-টার্ম পলিসি ইম্পেরেটিভস’ শীর্ষক গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছে র্যাপিড ও দ্য এশিয়া ফাউন্ডেশন। গবেষণায় উল্লেখ করা হয়েছে, আলোচিত তিন মাসে বিদ্যুতের ঘাটতি ছিল মোট চাহিদার ৩ থেকে ১০ শতাংশ। এই ঘাটতির কারণে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, তা ২০২৫-২৬ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় শূন্য দশমিক ৮৮ শতাংশের সমান।
গবেষণার তথ্য অনুযায়ী, জাতীয় অর্থনীতিতে প্রতি ইউনিট বা কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ না হলে গড়ে ২২৭ টাকার ক্ষতি হয়। এর মধ্যে কেবল শিল্প খাতে প্রতি ইউনিট বিদ্যুতের ঘাটতির কারণে ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৩১০ টাকা। বিদ্যুৎ না পাওয়ার ফলে শুধু শিল্প-কারখানার উৎপাদনই ব্যাহত হয় না, এর নেতিবাচক প্রভাব পড়ে সরবরাহ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডেও।
গবেষকদের হিসাব বলছে, গত তিন মাসের লোডশেডিংয়ের কারণে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, তা বিদ্যুৎ উৎপাদনে এলএনজি ব্যবহারের জ্বালানি ব্যয়ের প্রায় ১২ গুণ। ফলে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি ব্যয় সাশ্রয়ের হিসাব করতে গিয়ে বিদ্যুৎ সরবরাহ ঘাটতির কারণে অর্থনীতির এই বিশাল ক্ষতিকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে গবেষকরা মনে করেন।
গবেষণায় বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহের সঙ্গে লোডশেডিংয়ের সরাসরি সম্পর্কের বিষয়টিও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রে দৈনিক অতিরিক্ত ১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা গেলে দিনে প্রায় ১১ দশমিক ৬ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুতের ঘাটতি কমানো সম্ভব। অন্যদিকে তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়লে বিদ্যুতের চাহিদা বাড়ে ১৪ দশমিক ২ গিগাওয়াট ঘণ্টা।
দেশে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত স্থাপিত সক্ষমতা থাকলেও জ্বালানি সংকট ও অন্যান্য নানা সীমাবদ্ধতার কারণে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। গবেষণায় দেখা গেছে, গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত কোনো সময়েই সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন স্থাপিত সক্ষমতার ৫৮ শতাংশ ছাড়ায়নি। অথচ প্রয়োজনীয় সংরক্ষিত সক্ষমতা বিবেচনায় বিদ্যুতের চাহিদার তুলনায় দেশের স্থাপিত উৎপাদন সক্ষমতা প্রায় ৮ হাজার ৩০০ মেগাওয়াট বেশি।
দেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির উৎসের ওপর অতিনির্ভরতার বিষয়টিও গবেষণায় জোরালোভাবে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট বিদ্যুতের ৭৬ শতাংশই গ্যাস ও তেলনির্ভর। তুলনামূলকভাবে পাকিস্তানে গ্যাস ও তেলনির্ভর বিদ্যুৎ উৎপাদনের হার ৩০ শতাংশ এবং ভারতে মাত্র ৩ শতাংশ। জ্বালানির উৎসে এই অতিনির্ভরতা দেশের পুরো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে প্রতিনিয়ত বড় ঝুঁকির মুখে ফেলছে। বিশেষ করে দেশে গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ খাতের এই সংকট দিন দিন আরো তীব্র আকার ধারণ করছে।
এই বিদ্যুৎ সংকট মোকাবিলায় গবেষণায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন দক্ষতা বাড়ানো, চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সার্বিক উন্নয়নের ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
