ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

হঠাৎ আকাশচুম্বী সবজির বাজার, দিশাহারা ক্রেতারা

প্রকাশিত: 29 November 2026, 2:00 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাজারে সবজির দাম আবারও অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। পাইকারি বাজারে সরবরাহ কম থাকার অজুহাতে খুচরা বাজারেও এর বড় ধরনের প্রভাব পড়েছে। ক্রেতারা বলছেন, গত সপ্তাহে দু’একটি সবজির দাম কিছুটা বাড়তি থাকলেও এখন প্রায় সব ধরনের সবজির দামই চলে গেছে নাগালের বাইরে।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজধানীর মেরাদিয়া বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি আলু ৩৫ টাকা, পটল ৯০-১০০ টাকা, বেগুন প্রকারভেদে ১০০-১৫০ টাকা, সিম ১২০-২০০ টাকা, ভেন্ডি ১০০ টাকা, টমেটো ১৫০ টাকা, পেঁপে ৩৫ টাকা, করলা ১২০-১৫০ টাকা, বরবটি ১২০ টাকা, ঝিঙা ১২০ টাকা এবং চিচিঙ্গা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি কাঁচা মরিচ ১৪০ টাকা ও হাইব্রিড মরিচ ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অথচ কিছুদিন আগেও সিম কেজিপ্রতি ৬০-১০০ টাকা এবং পটল ৫০-৬০ টাকার মধ্যে পাওয়া যেত, আর অন্যান্য সবজিও কেজিতে ১০-২০ টাকা কম ছিল।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি পিস ফুলকপি ও বাঁধকপি ৫০ টাকা করে, লাউ ৭০-৮০ টাকা এবং কাঁচা কলা ৪০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি লালশাক প্রতি আঁটি ১৫ টাকা, কলমি শাক ২০ টাকা ও পুঁইশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের বাজারে লাল ডিম ১৩৫-১৪০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকা ডজন দরে বিক্রি হতে দেখা গেছে।

মাছ ও মাংসের বাজারেও একই চিত্র বিরাজ করছে। রুই মাছ ৪০০ থেকে ৫২০ টাকা এবং ছোট মলা ও চিংড়িসহ অন্যান্য মাছ ৫০০ থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৮২০ টাকা, খাসির মাংস ১২০০ টাকা, ব্রয়লার মুরগি ১৯০ টাকা, কক ৩৩০ টাকা এবং দেশি মুরগি ৬৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে গত কয়েকদিনের তুলনায় পটল কেজিতে ৩০ থেকে ৪০ টাকা, সিম ও টমেটো কেজিতে ১০ টাকা বেড়ে যথাক্রমে ৮০ ও ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে নতুন আলু ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সকালে টাটকা সবজি কিনতে মেরাদিয়া বাজারে আসা গৃহিণী লোপা খান বলেন, ‘কয়েকদিন আগে সবজির মূল্য কিছুটা স্থিতিশীল ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে আবারও দাম বাড়তির দিকে, আগের চড়া অবস্থাতেই ফিরে যাচ্ছে।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভালো মানের সিম ১৫০-১৬০ টাকা থেকে বেড়ে এখন ২০০ টাকা হয়েছে। একইভাবে ঝিঙা, চিচিঙ্গা, বেগুন ও টমেটোর দামও কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। আমাদের তো আসলে দেখার কেউ নেই, আমরা এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি। দাম বাড়লে সস্তা খুঁজি, বাধ্য হয়ে বাসি ও নষ্ট সবজিও কিনতে হয়।’

লোপার মতো অন্য ক্রেতারাও জানান, শুক্রবারের আগে সবজির বাজার কিছুটা কমতির দিকে থাকলেও শুক্রবার থেকে বিভিন্ন সবজির দাম ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।

বাজারের ক্রেতা মিলন রহমান বলেন, ‘সকালে টাটকা সবজির টানে আসি, কিন্তু শুক্রবার থেকেই সবজির দাম বাড়তি। কেন দাম বাড়ল, তার কোনো সন্তোষজনক জবাব ব্যবসায়ীদের কাছে নেই। শুধু সবজি নয়, মাছের বাজারও কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।’

আরেক ক্রেতা মনিরুল ইসলাম বলেন, ‘সবজির বাজার আবার ঊর্ধ্বমুখী। দাম কম থাকলে মানুষ অন্তত খেয়েপরে বাঁচতে পারত, এখন প্রয়োজনের তুলনায় কম খেতে হবে। ব্রয়লার মুরগি ১৭০-১৯০ টাকা কেজি, এটি আরও কমা উচিত। সাধারণ মানুষ ব্রয়লার কিংবা তেলাপিয়া ও পাঙাস মাছ বেশি কেনে, সেগুলোর দামও ৩০০ টাকার কাছাকাছি। নিত্যপণ্যের দাম না কমলে সাধারণ মানুষের চলা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।’

তিনি আরও বলেন, ‘আমরা গরিব মানুষ, এভাবে হঠাৎ দাম বেড়ে গেলে কীভাবে চলবো? আমাদের তো খেয়ে বেঁচে থাকতে হবে।’

এদিকে মেরাদিয়া বাজারের সবজি বিক্রেতা কাওছার জানান, সবজির বাজার এখন একটু বাড়তির দিকে রয়েছে। তারা নিজেরাও বেশি দামে কিনছেন, তাই তাদের কিছু করার নেই।

তিনি বলেন, ‘বাজারে সবজির সরবরাহ কম, যার কারণে দাম বেশি। সরবরাহ বাড়লে দাম আবার কমে আসবে, কাঁচাবাজার এভাবেই সবসময় ওঠানামা করে।’

আরেক বিক্রেতা আব্দুল হামিদও একই কথা জানিয়ে বলেন, গত কয়েকদিনের তুলনায় দাম কিছুটা বেড়েছে। কাঁচা সবজির বাজার এমনই হয়, সরবরাহ বাড়লে আবার দাম কমে যাবে।

মাছ ব্যবসায়ী সালাম জানান, মাছের বাজারও বেশ চড়া এবং দাম বাড়তির দিকে। তেলাপিয়া, পাঙাস ও ছোট রুই মাছ ৩২০-৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কোনো মাছেরই দাম এখন সেভাবে কমতির দিকে নেই।

মন্তব্য করুন