বাংলাদেশের তৃতীয় স্বাধীনতা আন্দোলন হতে হবে জ্বালানি স্বনির্ভরতা
ডলারের সঙ্গে মূল্য সমন্বয়ের কারণে বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা মূল্য বেড়েছে প্রায় ৭০ শতাংশ
জাভেদ হোসেন :
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে দুটি বড় আন্দোলন গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্য ও স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর এবার দেশের সামনে নতুন এক লক্ষ্য নির্ধারণের সময় এসেছে। আর সেটি হলো জ্বালানি স্বনির্ভরতা। কারণ, জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমাতে না পারলে দেশের অর্থনীতি, শিল্প উৎপাদন ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে পড়বে।
জ্বালানি সংকট এখন শুধু বিদ্যুৎ উৎপাদনের সমস্যা নয়, বরং দেশের অর্থনৈতিক টিকে থাকার প্রশ্ন। আমদানিনির্ভর তেল, ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), শিল্পকারখানার নিজস্ব বিদ্যুৎ উৎপাদন এবং অকার্যকর বিদ্যুৎ ক্রয়চুক্তির কারণে দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বাড়লেই বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ে, বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি পায় এবং শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়। বিশেষ করে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো জ্বালানির বাড়তি ব্যয় ক্রেতাদের ওপর চাপিয়ে দিতে পারে না। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়।
তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, ইলেকট্রনিকস ও প্রকৌশল শিল্পের মতো উৎপাদন খাতকে এগিয়ে নিতে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ জন্য পারমাণবিক বিদ্যুৎ, দেশের নিজস্ব কয়লা, সৌরবিদ্যুৎ, প্রতিযোগিতামূলক দামে ভারত থেকে বিদ্যুৎ আমদানি এবং জ্বালানি সংরক্ষণ ব্যবস্থার সমন্বয়ে একটি শক্তিশালী বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন লেখক। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে আমদানিনির্ভর তরল জ্বালানির নিয়মিত ব্যবহার বন্ধ এবং ব্যয়বহুল এলএনজির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বিদ্যুৎ উৎপাদনে ফার্নেস অয়েলের ব্যবহার কমানোকে এ ক্ষেত্রে অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখানো হয়েছে। বাংলাদেশে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয় কয়লাভিত্তিক উৎপাদনের তুলনায় দ্বিগুণেরও বেশি। এর সঙ্গে যুক্ত হয়েছে ডলারের বিনিময়মূল্যের প্রভাব। ডলারের সঙ্গে মূল্য সমন্বয়ের কারণে বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতা মূল্য বা ক্যাপাসিটি চার্জ প্রায় ৭০ শতাংশ বেড়েছে। অথচ চাহিদার সময় বিদ্যুৎ সরবরাহের বিকল্প ব্যবস্থা ও পর্যাপ্ত জ্বালানি সংরক্ষণ সুবিধা না থাকায় এখনো ফার্নেস অয়েলচালিত কেন্দ্রের ওপর নির্ভর করতে হচ্ছে। জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা বিদ্যুৎব্যবস্থার বড় ধরনের বিপর্যয়ের জন্য এসব কেন্দ্র সংরক্ষণ করা যেতে পারে। তবে নিয়মিত বিদ্যুৎ উৎপাদনে এগুলোর ওপর নির্ভরতা কমাতে হবে।
শিল্পকারখানার নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাও জ্বালানি খাতে বড় ধরনের অপচয় তৈরি করছে। দেশে প্রায় ৩ হাজার মেগাওয়াট সক্ষমতার গ্যাসচালিত ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি অনেক কারখানায় ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করা হয়। জাতীয় গ্রিড থেকে নির্ভরযোগ্য বিদ্যুৎ না পাওয়ায় শিল্প উদ্যোক্তারা নিজেদের উদ্যোগে এসব ব্যবস্থা গড়ে তুলেছেন। কিন্তু ছোট জেনারেটরগুলোর জ্বালানি ব্যবহারের দক্ষতা আধুনিক বিদ্যুৎকেন্দ্রের তুলনায় অনেক কম।
আধুনিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের দক্ষতা ৫৫ থেকে ৬০ শতাংশ হলেও অনেক ক্যাপটিভ জেনারেটরের দক্ষতা ৪০ শতাংশের নিচে। শিল্পকারখানার জেনারেটরগুলোর গড় দক্ষতা প্রায় ৩৫ শতাংশ। ফলে একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে আধুনিক কেন্দ্রের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি গ্যাস প্রয়োজন হয়। এতে একদিকে দেশের সীমিত গ্যাসসম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে এলএনজি আমদানির প্রয়োজনও বাড়ছে।
তবে রাতারাতি শিল্পকারখানার নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা বন্ধ করার পরিবর্তে জাতীয় গ্রিডকে নির্ভরযোগ্য করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে ক্যাপটিভ জেনারেটরগুলো নিয়মিত ব্যবহারের পরিবর্তে জরুরি বিকল্প হিসেবে রাখা সম্ভব হবে।
এ ক্ষেত্রে অর্থনৈতিক অঞ্চলগুলোকে বিদ্যুৎব্যবস্থা সংস্কারের কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব রয়েছে। প্রতিটি কারখানার আলাদা জেনারেটর, জ্বালানি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার পরিবর্তে অর্থনৈতিক অঞ্চলগুলোতে যৌথ অবকাঠামো তৈরি করা যেতে পারে। এর মধ্যে থাকবে নির্দিষ্ট বিদ্যুৎ সরবরাহ লাইন, উন্নত উপকেন্দ্র, বিকল্প সংযোগ, ছাদে সৌরবিদ্যুৎ, ব্যাটারি সংরক্ষণ এবং আধুনিক মিটার ব্যবস্থা। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা ও ত্রুটি মেরামতের সময় সম্পর্কে বিনিয়োগকারীদের আগেই স্পষ্ট ধারণা দিতে হবে।
তৈরি পোশাক খাত এ পরিবর্তনের সূচনা করতে পারে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া গেলে সেলাই, কাটিং, আলো, বায়ু চলাচল ও অন্যান্য কাজে ক্যাপটিভ জেনারেটরের ব্যবহার কমানো সম্ভব। তবে বস্ত্র খাতের রং করা, ধোয়া ও প্রক্রিয়াজাতকরণ কারখানায় তাপ ও বাষ্পের প্রয়োজন হওয়ায় সেখানে পরিবর্তন আনতে কিছুটা বেশি সময় লাগবে। পুরোনো যন্ত্রপাতি পরিবর্তনের সময় বর্জ্য তাপ পুনর্ব্যবহার, বৈদ্যুতিক বয়লার, তাপ পাম্প ও গরম পানি সংরক্ষণ প্রযুক্তি যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশের নিজস্ব কয়লাসম্পদ ব্যবহার করেও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে চিহ্নিত পাঁচটি কয়লাক্ষেত্রে ৩৪০ কোটি টনের বেশি কয়লা মজুত রয়েছে। লেখকের প্রস্তাবিত পরিকল্পনায় বড়পুকুরিয়া, ফুলবাড়ী ও দীঘিপাড়া কয়লাক্ষেত্র থেকে বছরে মোট ২ কোটি ৪০ লাখ টন কয়লা উৎপাদনের সম্ভাবনার কথা বলা হয়েছে। এর মধ্যে ফুলবাড়ী থেকে দেড় কোটি টন, সম্প্রসারিত বড়পুকুরিয়া থেকে ৬০ লাখ টন এবং দীঘিপাড়া থেকে ৩০ লাখ টন কয়লা উত্তোলনের লক্ষ্য নির্ধারণের কথা উল্লেখ করা হয়েছে।
এই পরিমাণ কয়লা আধুনিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করা গেলে বছরে প্রায় ৭৫ থেকে ৮১ টেরাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে ধারণা দেওয়া হয়েছে। পাশাপাশি ৮৫ শতাংশ সক্ষমতায় কেন্দ্র পরিচালনা করা গেলে প্রায় ১০ থেকে ১১ হাজার মেগাওয়াট নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে। তবে কয়লা উত্তোলনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত জনগণের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন, ভূগর্ভস্থ পানির সুরক্ষা, কৃষিজমি সংরক্ষণ, স্থানীয় কর্মসংস্থান এবং খনি পুনরুদ্ধারের বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, দেশীয় কয়লা, সৌরবিদ্যুৎ, ভারত থেকে বিদ্যুৎ আমদানি এবং ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থার সমন্বয় দেশের বিদ্যুৎ খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে সন্ধ্যার সময় বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে। উদাহরণ হিসেবে ১ হাজার মেগাওয়াট ক্ষমতার ৪ হাজার মেগাওয়াট ঘণ্টা ব্যাটারি ব্যবস্থা টানা চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। দিনের বেলায় সৌরবিদ্যুৎ থেকে ব্যাটারি চার্জ করে সন্ধ্যার চাহিদার সময় তা ব্যবহার করা সম্ভব। এতে ব্যয়বহুল ফার্নেস অয়েলচালিত কেন্দ্রের ওপর চাপ কমবে।
বিদ্যুৎ খাতের ব্যয় কমাতে বিদ্যুৎ ক্রয়চুক্তির প্রচলিত কাঠামোতেও পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের নিশ্চয়তা, ডলারভিত্তিক মুনাফা এবং বিদ্যুৎ উৎপাদন না করলেও সক্ষমতা মূল্য পরিশোধের ব্যবস্থা দীর্ঘদিন ধরে খাতটিতে আর্থিক চাপ তৈরি করছে। অতীতে বিদ্যুৎ সংকট মোকাবিলায় এসব চুক্তি করা হলেও বর্তমান পরিস্থিতিতে সেগুলো পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক দরপত্র ছাড়াই দেওয়া প্রকল্পগুলোর চুক্তি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের কথা বলা হয়েছে।
প্রতিটি বড় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যয়, সক্ষমতা মূল্য, জ্বালানির মূল্য নির্ধারণ পদ্ধতি, ডলারের সঙ্গে মূল্য সমন্বয়ের শর্ত, বার্ষিক উৎপাদন এবং চুক্তির মেয়াদ জনসমক্ষে প্রকাশের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সবচেয়ে ব্যয়বহুল ও কম ব্যবহৃত তেলভিত্তিক কেন্দ্রগুলোকে চুক্তি পুনর্নির্ধারণ অথবা অবসরে পাঠানোর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব রয়েছে। এসব খাতে সাশ্রয় হওয়া অর্থ ব্যাটারি সংরক্ষণ, শিল্পাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ব্যয় করা যেতে পারে।
সৌরবিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থায় বেসরকারি বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ। যোগ্য প্রতিষ্ঠান, কারখানার মালিক, জমির মালিক, সমবায় কিংবা ব্যক্তিগত বিনিয়োগকারীদের স্বচ্ছ নিয়মের আওতায় সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। কারখানা, গুদাম, বিপণিবিতান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি ভবন ও আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন বাধ্যতামূলক বা ব্যাপকভাবে উৎসাহিত করা যেতে পারে। পাশাপাশি অনাবাদি সরকারি জমি, সড়ক ও রেলপথের পাশের জায়গা, উপকেন্দ্রের আশপাশ, খালপাড়, বাঁধ এবং কৃষিকাজের অনুপযোগী জমি বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ব্যবহার করা সম্ভব।
শুধু সৌর প্যানেল স্থাপন নয়, এর সঙ্গে ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা যুক্ত করাও জরুরি। এতে সূর্যাস্তের পরও বিদ্যুৎ সরবরাহ করা যাবে, সন্ধ্যার বাড়তি চাহিদা সামাল দেওয়া সম্ভব হবে এবং জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বাড়বে। নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে সরকারি নিশ্চয়তার পরিবর্তে প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা গড়ে তোলার প্রস্তাবও রয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে অব্যবহৃত সক্ষমতার জন্য নয়, বরং সরবরাহ করা বিদ্যুৎ ও প্রয়োজনীয় সেবা অনুযায়ী মূল্য পরিশোধ করা যাবে।
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণেও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন রয়েছে। রূপপুরের প্রথম ইউনিটের নিরাপদ ও স্থিতিশীল পরিচালনার পাশাপাশি দ্বিতীয় ইউনিটের কাজ এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। সব ধরনের নিরাপত্তা, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন, জ্বালানি সরবরাহ ও গ্রিড সংযোগের শর্ত পূরণ সাপেক্ষে ২০২৭ সালের গ্রীষ্মে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রম শুরুর লক্ষ্য নির্ধারণের প্রস্তাব রয়েছে। রূপপুরে আরও দুটি ১ হাজার ২০০ মেগাওয়াটের ইউনিট স্থাপনের সুযোগ রয়েছে। এগুলো বাস্তবায়িত হলে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ৪ হাজার ৮০০ মেগাওয়াটে উন্নীত হতে পারে।
এর পাশাপাশি উপকূলীয় অর্থনৈতিক অঞ্চল, বন্দর, দ্বীপ ও দুর্গম শিল্পাঞ্চলে ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং ক্ষুদ্র মডুলার রিঅ্যাক্টর স্থাপনের সম্ভাবনা যাচাই করার কথা বলা হয়েছে। তবে এসব প্রকল্প বাস্তবায়নের আগে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন, ঘূর্ণিঝড় ও সামুদ্রিক ঝুঁকি বিশ্লেষণ, জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক সম্ভাব্যতা নিশ্চিত করা জরুরি।
লেখকের মতে, ১৯৭১ সালের স্বাধীনতা বাংলাদেশকে একটি রাষ্ট্র দিয়েছে, ২০২৪ সালের আন্দোলন বৈষম্য ও মর্যাদার প্রশ্ন সামনে এনেছে। আর তৃতীয় স্বাধীনতার লক্ষ্য হওয়া উচিত জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন। দেশের নিজস্ব কয়লা, পারমাণবিক বিদ্যুৎ, সৌরশক্তি, আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য এবং ব্যাটারি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমদানিনির্ভরতা কমানোর যথেষ্ট সুযোগ রয়েছে। প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কার্যকর নীতিগত সিদ্ধান্ত এবং বিদ্যুৎ খাতের ব্যয়বহুল ও অস্বচ্ছ চুক্তি থেকে বেরিয়ে আসা। এতে শিল্পকারখানায় সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ, বৈদেশিক মুদ্রার সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী উৎপাদনমুখী অর্থনীতিতে পরিণত করার পথ সুগম হতে পারে।
