পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারী ১১ বাংলাদেশি আটক
অনলাইন ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গের দুটি জেলায় পৃথক অভিযান চালিয়ে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে স্থানীয় পুলিশ। অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করে বসবাসের অভিযোগে গত ২৭ ও ২৮ নভেম্বর মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা জেলা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জব্দ করা হয়েছে এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে তিনজনকে উত্তর ২৪ পরগনা জেলার নিমতা থানা এলাকার ফিঙ্গাপাড়া থেকে আটক করা হয়। তারা হলেন—লিয়াকত আলী মোল্লা, নার্গিস বিবি ও হুমায়ুন কবির মোল্লা। সবার বাড়ি খুলনা বিভাগের নাচুনিয়া গ্রামে।
নিমতা থানা পুলিশ জানায়, এই তিনজন বেশ কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ফিঙ্গাপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সম্প্রতি প্রশাসনের চলমান বিশেষ তথ্য যাচাই-বাছাই কার্যক্রমের সময় তাদের গতিবিধি ও নথিপত্র নিয়ে সন্দেহ দেখা দেয়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশি পরিচয় স্বীকার করেন এবং তাদের কাছ থেকে বাংলাদেশের এনআইডি কার্ড উদ্ধার করা হয়। গত শনিবার তাদের বসিরহাটের একটি হোল্ডিং সেন্টারে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদের লালগোলা থানার পাহাড়পুর এলাকা থেকে গত শনিবার আরও আট বাংলাদেশিকে আটক করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে আটক ব্যক্তিরা হলেন—পিয়ারুল ইসলাম (২০), আতিক হোসেন (২২), মো. আল মামুন আলী (১৭), মো. আতিক হাসান (২০), মো. মমিনুল ইসলাম (২৯), মো. আব্দুল হাই (৪২) ও মো. জসিম (২১)। তাদের সবার বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া এনামুল হক (২৩) নামের অপর আটক ব্যক্তির বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লালগোলায় আটক ব্যক্তিরা জানান, জীবিকার তাগিদে তারা দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে কাজ করতে গিয়েছিলেন। কাজ শেষে অবৈধ পথে দেশে ফেরার সময় পাহাড়পুর এলাকায় পুলিশের তল্লাশিতে ধরা পড়েন। তারা কোন সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিলেন এবং এর পেছনে কোনো মানবপাচারকারী চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে এই আটজনকে লালগোলার একটি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই আটক ১১ জনকে সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করা হবে।
