আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা ও মূল কাঠামো নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের অর্থনীতি ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সংস্কার কখন এবং কীভাবে বাস্তবায়ন করা হবে, সেই সিদ্ধান্ত নেবে সরকার। এ বিষয়ে আইএমএফও সম্মতি দিয়েছে।

 

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

 

অর্থমন্ত্রী জানান, নতুন ঋণ কর্মসূচির ভিত্তি ও নীতিমালা নিয়ে দুই পক্ষের আলোচনা অব্যাহত রয়েছে। আইএমএফ কিছু সংস্কার ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। তবে বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা এবং জনগণের স্বার্থ বিবেচনায় সংস্কারের সময় ও ক্রম নির্ধারণ করবে সরকার। তিনি বলেন, একটি রাজনৈতিক সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতাকে আইএমএফ সম্মান জানিয়েছে।

 

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “নতুন ঋণ কর্মসূচির নীতিমালা ও মূল ভিত্তি কী হবে, তা নিয়ে আলোচনা চলছে। দেশের স্বার্থ বিবেচনায় কোন সংস্কার কখন বাস্তবায়ন হবে, সেই সিদ্ধান্ত সরকার নেবে এবং এ বিষয়ে আইএমএফ সম্মত হয়েছে।”

 

তিনি আরও জানান, দেশের আর্থিক খাতে সাম্প্রতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ। বিশেষ করে শেয়ারবাজারের উন্নয়ন এবং কর ও জিডিপি অনুপাত বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছে সংস্থাটি। তবে এসব ক্ষেত্রে আরও অগ্রগতির প্রয়োজন রয়েছে বলেও মত দিয়েছে তারা।

 

অর্থমন্ত্রী বলেন, এখন পর্যন্ত আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে। নতুন ঋণ কর্মসূচির বিষয়ে আলোচনা আগামী দিনগুলোতেও চলবে। এ বিষয়ে আগামী অক্টোবরে ব্যাংককে আইএমএফের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আরও আলোচনা হবে। পাশাপাশি আইএমএফের ওই শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ সফর করবেন বলেও জানান তিনি।

 

বৈঠকে নবম জাতীয় পে স্কেলের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, “আজকের বৈঠকে পে স্কেলের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে অন্যান্য বিষয়ে আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে।”