আইপিএলের নিলাম থেকে নিজেকে সরিয়ে নিলেন মোস্তাফিজ
অনলাইন ডেস্ক:
আইপিএলের আসন্ন মিনি নিলামের তালিকায় নেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের নাম। গেল আসরে রেকর্ড মূল্যে দল পেলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামা হয়নি তার। এবার নিজেই নিলামের তালিকা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই বাংলাদেশি পেসার।
ক্রিকইনফোর প্রকাশিত আইপিএলের মিনি নিলামে অংশগ্রহণকারী ক্রিকেটারদের তালিকা থেকে মোস্তাফিজের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চলতি বছরের শুরুতে আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিলেও বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এই ঘটনার রেশ ধরে নিরাপত্তা শঙ্কার অজুহাতে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ এবং শেষ পর্যন্ত টুর্নামেন্টটিতে অংশ নেয়নি দলটি।
মোস্তাফিজের পাশাপাশি এবারের নিলামে দেখা মিলছে না তরুণ পেসার নাহিদ রানার নামও। সবশেষ ভারত সফরে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তাকে নিয়ে ব্যাপক আলোচনা থাকলেও, তিনিও পূর্বসূরির পথ অনুসরণ করে নিলামে নাম লেখাননি।
নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের মোট ১২ জন ক্রিকেটার। তারা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।
এবারের নিলামের প্রাথমিক তালিকায় মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটারের নাম রয়েছে। এর মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি খেলোয়াড়। নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে, যার মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ রয়েছে ২৫টি জায়গা।
