আগামী ছয় মাস কীভাবে কাজ হবে, সে বিষয়ে আলোচনা করেছেন পার্থ

অনলাইন ডেস্ক:

গতকাল শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাস শেষ হয়েছে এবং আগামী ছয় মাসে কীভাবে কাজ করা হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, “আমরা সবাই আমাদের জায়গা থেকে ধন্যবাদ জানিয়েছি এবং ছোট ছোট পরামর্শ দিয়েছি।” এছাড়া, তিনি জানান, বিভিন্ন কমিশন কীভাবে তাদের সঙ্গে যোগাযোগ করবে এবং তাদের কী কী প্রস্তাব রয়েছে, এসব বিষয়ও আলোচনা করা হয়েছে।

এছাড়া, তিনি বলেন, “আমরা দ্রুত নির্বাচনের সিদ্ধান্ত চাই, তবে আগে স্থানীয় নির্বাচন না করার পক্ষে। কারণ, স্থানীয় নির্বাচন হলে সাড়ে চার হাজার ইউনিয়নে সংঘাতের আশঙ্কা রয়েছে।” তিনি জানান, “গ্রাউন্ড রিয়েলিটি ভিন্ন। বাস্তব পরিস্থিতিতে আওয়ামী লীগকে অনেকেই মানে না, মেনেও নেবে না।”

পার্থ আরও বলেন, “আমরা চাই, দেশে কোনোভাবেই সন্ত্রাস যেন না হয় এবং স্থিতিশীলতা বজায় থাকে। জাতীয় নির্বাচন যেন কোনও সংস্কারের কারণে বিলম্বিত না হয়।” তবে কিছু রাজনৈতিক দল মনে করছে, স্থানীয় নির্বাচন আগে হলে ভালো হবে, সে বিষয়েও আলোচনা চলছে।

বৈঠকে বিশেষ কোনও সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “কমিশনের সাধারণ আলোচনা হয়েছে এবং আগামীতে ধারাবাহিক বৈঠক হবে, সেখান থেকে ভালো কিছু সিদ্ধান্ত আসবে।”

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সম্পর্কে দলের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “আমরা সন্তুষ্ট। আমরা সরকারের পাশে আছি। যেখানে ভুল হচ্ছে, সেখানে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে সরকারের সঙ্গে আলোচনা চলছে।”

পার্থ আরও বলেন, “আমি মনে করি, বাংলাদেশের ইতিহাসে এমন কোনও সরকার আসেনি, যেখানে সব রাজনৈতিক দল একসঙ্গে সরকারের পাশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মহল ও জাতিসংঘ এই সরকারের পাশে আছে। তাই আমি মনে করি, এটি জনগণের সরকার।”