আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার বরিশালের গৌরনদীর অশ্বিনী কুমার ইন্সটিটিউশন মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগী নারীদের সাথে মতবিনিময়ে অংশ নিয়ে জানান, “প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে বর্তমান সরকার। আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারে মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে।”

 

তিনি আরও বলেন, মত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সকলের। সম অধিকার ও শান্তি বজায় রাখতে সকলের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

 

এরপর নবখনন করা সরিকল-বটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তারেক রহমান বললেন, দেশে যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ নেই। শুধু গাছ রোপণ করলেই হবেনা, রোপণ করা গাছকে নিজের শিশুর মতো যত্ম নিতে হবে।

 

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এসেছে। এখন আগের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি গাছের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, নিজেদের দেশকে নিজেরাই ঠিক করতে হবে, বাইরের কেউ এসে ঠিক করে দিয়ে যাবে না।

 

এ সময় প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির জন্য নতুন স্লোগান ঘোষণা করেন- ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’

 

আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। এসময় বৃক্ষরোপণ ও প্রকৃতির ওপর যত্নশীল হওয়ার জন্য সকলকে আহ্বান জানান তিনি।