নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি পুলিশ, ছাত্র, জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেন ।
কমিশনার বলেন, ‘‘চাঁদাবাজি আমাদের সমাজের জন্য একটি বড় সমস্যা। এর কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে, যার ফলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষকে আরও বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। চাঁদাবাজি রোধ করতে হবে। ইতিমধ্যেই চাঁদাবাজদের একটি তালিকা তৈরি করা হচ্ছে এবং দুই থেকে তিন দিনের মধ্যে তাদের গ্রেপ্তার অভিযান শুরু হবে। চাঁদাবাজি করলে কাউকেও ছাড় দেওয়া হবে না।’’
হকারদের বিষয়ে মন্তব্য করে কমিশনার বলেন, ‘‘হকারদের একেবারে উচ্ছেদ করা অমানবিক। তবে, তাদেরকে রাস্তার পাশে সংযতভাবে থাকার জন্য অনুরোধ করছি। কেউ হকারদের কাছ থেকে চাঁদা না নেবেন, এটা বন্ধ করতে হবে।’’
সাজ্জাত আলী আরও বলেন, ‘‘মোটরসাইকেল একটি ঝুঁকিপূর্ণ বাহন। এক মোটরসাইকেলে দুই বা তিনজন যাত্রী থাকা অত্যন্ত বিপজ্জনক। ঢাকায় ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে এবং রাস্তা ব্যবহারকারীদের শৃঙ্খলা মেনে চলতে হবে।’’ তিনি যানজটের মধ্যে হর্ন বাজানোর বিষয়েও কথা বলেন, ‘‘যানজটে বারবার হর্ন বাজানোর কোনো সমাধান নেই। যারা এ ধরনের আচরণ করবেন, তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’’
এছাড়া, কমিশনার মোবাইল ছিনতাই বেড়ে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন। তিনি সবাইকে রাস্তায় সতর্কভাবে চলাচল করতে এবং নিজেদের নিরাপত্তা নিয়ে সচেতন থাকতে আহ্বান জানান।











