আনতালিয়া ফোরামে যোগ দিতে তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

তিন দেশ সফরে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তুরস্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরের প্রথম গন্তব্য তুরস্কে আয়োজিত আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম, যেখানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ১৭ থেকে ১৯ এপ্রিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী এই ফোরাম অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এ আয়োজনের ফাঁকে বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী।

 

ফোরামের পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এছাড়া পাকিস্তান, গাম্বিয়াসহ অংশগ্রহণকারী অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হতে পারে। এক কর্মকর্তা জানান, এ সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ের কূটনৈতিক প্রচার চালানো হবে।

 

তুরস্ক সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী বেলজিয়ামের ব্রাসেলসে যাবেন। সেখানে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্যাপক অংশীদারিত্ব ও সহযোগিতাবিষয়ক কাঠামো চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

 

দেশে ফেরার পথে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাত্রাবিরতি করবেন। সফর শেষে আগামী ২৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তার।