আবারও আমির খানের বিয়ের গুঞ্জন

অনলাইন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা চলছে। বিশেষ করে, সাবেক স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তার প্রেমজীবন বলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। একসময় শোনা গিয়েছিল, ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। এমনকি আমিরের পরিবারের সঙ্গেও ফাতিমার দেখা যাওয়ায় সেই গুঞ্জন আরও তীব্র হয়েছিল।

তবে নতুন খবর অনুযায়ী, মিস্টার পারফেকশনিস্ট এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বলিউড সূত্রের খবর, চলতি বছরেই বিয়ের পরিকল্পনা করছেন আমির খান। এবার তার জীবনে এসেছেন দক্ষিণ ভারতের এক লাস্যময়ী নারী। ৫৯ বছর বয়সী এই অভিনেতা নাকি বেশ সিরিয়াস তার নতুন সম্পর্ক নিয়ে এবং ইতোমধ্যেই পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন সেই নারীকে। তবে গোপনীয়তার স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে বলিউড সূত্র নিশ্চিত করেছে, আমিরের পরিবারের সদস্যরা নতুন সঙ্গীর ব্যাপারে বেশ ইতিবাচক।

এদিকে, বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির খান। প্রথম স্ত্রী রিনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও—দুজনের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে তার। এমনকি প্রতি সপ্তাহে তাদের সঙ্গে দেখা করাও তার রুটিনের অংশ। বিচ্ছেদের পরও তিক্ততা নেই, বরং প্রেমের ব্যাপারে ৫৯ বছর বয়সী এই অভিনেতা এখনও ফুরফুরে মেজাজেই আছেন। নতুন জীবনের অধ্যায় শুরুর অপেক্ষায় রয়েছেন আমির খান, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা!