আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

অনলাইন ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সফররত বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আবদুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় গতকাল, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫ এর সাইডলাইনে দুবাইয়ে।

সাক্ষাৎকালে, আল ওয়াইস প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনার (অধ্যাপক ইউনূস) উপস্থিতি এই সম্মেলনকে সমৃদ্ধ করেছে। আমরা আপনার মতো নেতাদের কাছ থেকে অনেক কিছু শিখি।” এছাড়া তিনি বাংলাদেশের সংকটময় মুহূর্তে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। আল ওয়াইস আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ এবং ইউএই-এর সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

অধ্যাপক ইউনূস তার বক্তব্যে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যব্যবস্থা এবং বড় রোগ প্রতিরোধে অর্জিত অগ্রগতি দেখে মুগ্ধতার কথা জানান। তিনি সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমিরাত এক মিলিয়নেরও বেশি বাংলাদেশিকে কাজের সুযোগ দিয়েছে।”

এছাড়া, সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ সচিব ও প্রধান এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ।