আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক:

শতকোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবালের দেশত্যাগে নিশেধাজ্ঞা দিয়েছে আদালত। পাশাপাশি এস এম শামীমের স্ত্রী হাসিনা ইকবাল এবং এস এম এগ্রোর ম্যানেজিং ডিরেক্টর মিনহাজুল হকের দেশত্যাগেও নিষেধাজ্ঞার আদেশ এসেছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এদিন দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, এইচএসবিসি ব্যাংকের মাধ্যমে বিদেশে মানিলন্ডারিংয়ের অভিযোগে এস এম শামীম ইকবালসহ তিন জনের বিরুদ্ধে একটি অনুসন্ধান টিম গঠন করেছে দুদক। দুদকের অনুসন্ধানে এসেছে, এই তিনজন দেশ ছাড়ার চেষ্টা করছেন। তাদের বিরুদ্ধে শতকোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান চলার সময়ে তারা দেশত্যাগ করলে সার্বিক কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। তারা যেন দেশত্যাগ করতে না পারেন এজন্য নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদনে জানিয়েছে দুদক।