আল-আসাদের পতনের পর তুরস্ক থেকে প্রায় ৩১ হাজার সিরিয়ান বাড়ি ফিরেছেন: তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে প্রায় ৩১ হাজার সিরিয়ান শরণার্থী তুরস্ক ছেড়ে তাদের দেশে ফিরে গেছেন বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া। গত শুক্রবার স্থানীয় টিজিআরটি নিউজ চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর প্রকাশ করেছে।

ইয়েরলিকায়া বলেন, যারা তুরস্ক থেকে ফিরে গেছেন, তাদের সংখ্যা ৩০ হাজার ৬৬৩। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ ব্যক্তি তুরস্কেই জন্মগ্রহণ করেছেন। তুরস্কে শরণার্থী হিসেবে বসবাস করা এই সিরিয়ানরা আল-আসাদের শাসন পতনের পর তাদের দেশে ফিরেছেন।

এর আগে মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৫ সালের প্রথমার্ধে দেশে ফিরে যাওয়া সিরিয়ানরা তুরস্কে তিনবার আসা-যাওয়ার অনুমতি পাবেন।

আল-আসাদের পতনের ছয় দিন পর, গত ১৪ ডিসেম্বর, তুরস্কের দামেস্ক দূতাবাস পুনরায় চালু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, শিগগিরই সিরিয়ার দ্বিতীয় বৃহৎ শহর আলেপ্পোতে অভিবাসন ব্যবস্থাপনা অফিস খোলা হবে। এ ছাড়া আলেপ্পোতে তুরস্কের কনস্যুলেট জেনারেলও কয়েক দিনের মধ্যেই পুনরায় চালু হবে। উল্লেখ্য, তুরস্কে বসবাসকারী বেশিরভাগ শরণার্থী আলেপ্পো থেকেই এসেছেন।

এদিকে, সিরিয়ার জনগণ রাজধানী দামেস্কসহ বিভিন্ন স্থানে এক স্মরণ দিবস পালন করেছেন। তারা আল-আসাদের প্রায় ২৫ বছরের শাসনামল এবং ১৩ বছরের গৃহযুদ্ধে নিহত ও কারাবন্দি ব্যক্তিদের স্মরণে এ দিনটি পালন করেন।