আশুলিয়ায় সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড
অনলাইন ডেস্ক:
আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় সোমবার সকালে পোশাকশ্রমিকেরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় একটি বাস ভাঙচুরের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেন।
নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকেরা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা আশপাশের চালু কারখানাগুলোতে হামলার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। যেসব কারখানার শ্রমিকেরা দেরিতে বের হচ্ছিলেন, তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সোমবার আশুলিয়ায় ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়াসহ ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
মন্তব্য করুন
