ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা বুধবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন।

মাইকেল চাকমা অভিযোগটি চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দেন। এর পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, “আমরা মাইকেল চাকমার অভিযোগ গ্রহণ করেছি এবং তদন্ত কার্যক্রম শুরু করেছি।”

অভিযোগের বিষয়ে মাইকেল চাকমা জানান, ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে তাকে গুম করা হয়। এরপর ইউপিডিএফ এবং তার সহায়িকা সংগঠন, মানবাধিকার সংগঠন, শিক্ষক ও নাগরিক সমাজসহ পরিবারের সদস্যরা মাইকেলের উদ্ধারের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন।

পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় এবং মাইকেলের সন্ধান চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়। তবে অভিযোগে বলা হয়েছে, বিগত সরকার মাইকেল চাকমার উদ্ধারে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

এসময় মাইকেল চাকমার সঙ্গে উপস্থিত ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম ও তার স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও মাইকেল চাকমার সন্ধান চেয়ে সরকারের কাছে দাবি জানিয়েছে।