অনলাইন ডেস্ক:
ছোট পর্দার জনপ্রিয় জুটি ইরফান সাজ্জাদ ও তানিয়া বৃষ্টি নতুন বছরের শুরুতেই নিয়ে আসছেন তাদের নতুন নাটক ‘প্রেমেতে বাধিবো’। ভিন্ন ধারার রোমান্টিক গল্প নিয়ে তৈরি এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সম্রাট জাহাঙ্গীর।
দীর্ঘ ক্যারিয়ারে একসঙ্গে কাজ করে ইরফান ও তানিয়া বৃষ্টি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। তাদের অভিনীত নাটকগুলো বরাবরই প্রশংসিত হয়েছে। নতুন বছরের শুরুতে তাদের নতুন এই নাটক নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক।
নাটক প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, “ভিন্ন গল্পের একটি কাজ। কাজটি করে ভালো লেগেছে। আশা করছি, নতুন বছরের প্রথম কাজটি দর্শকদের মন জয় করবে।”
পরিচালক সম্রাট জাহাঙ্গীর বলেন, “বর্তমান সময়ের দর্শকদের চাহিদা মাথায় রেখেই এই নাটকটি নির্মাণ করেছি। রোমান্টিক গল্পের প্রতি দর্শকদের বিশেষ আগ্রহ রয়েছে, তাই তাদের জন্য ভিন্ন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি।”
নাটকটি নতুন বছরের দ্বিতীয় দিন, অর্থাৎ ২ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেল ৩টায় ফিল্ম ফ্যাক্টরি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
নাটকটিতে ইরফান ও তানিয়া ছাড়াও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, শশী আফরোজা এবং তানজিম হাসান অনিক।
নতুন বছরের শুরুতেই ইরফান-বৃষ্টির এই নাটক তাদের ভক্তদের জন্য বিশেষ উপহার হতে চলেছে।











