ইসরাইলি দখলদারিত্ব বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক:
ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্ব ও সহিংসতা বন্ধে জরুরি ও কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সময় ওআইসি (ইসলামি সহযোগিতা সংস্থা) পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সমন্বয় বৈঠকে শুক্রবার এই আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকটি জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, “ন্যায়বিচার নিশ্চিত করা এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আসবে না।”
বক্তব্যে তৌহিদ হোসেন ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও সংগ্রামের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের নীতিগত অবস্থান স্পষ্ট করে তুলে ধরেন।
ওআইসি সংস্কার ও ইসলামী ঐক্যের পক্ষে বাংলাদেশ
বৈঠকে ইসলামী বিশ্বের ঐক্য জোরদারে বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন উপদেষ্টা। তিনি ওআইসির দশ-বছর মেয়াদি কর্মসূচিতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়েও আলোকপাত করেন।
তৌহিদ হোসেন বলেন, “ওআইসি কাঠামোর কার্যকর সংস্কার, শক্তিশালী সম্পদ আহরণ এবং বাস্তবমুখী সহযোগিতা বাড়ানোর সময় এখন।”
ওআইসির এই বার্ষিক বৈঠকটি শান্তি ও নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়নসহ নানা অভিন্ন আগ্রহের বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান সমন্বয়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে থাকে।
