নিজস্ব প্রতিবেদক:
দেশের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি জানিয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটের প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৮২ টাকা ৭১ পয়সা থেকে বাড়িয়ে ১৮৯ টাকা ০৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, এক লাফে লিটারপ্রতি দাম বেড়েছে ৬ টাকা ৩২ পয়সা।
নতুন এই দর অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম কার্যকর হবে ১৮৯ টাকা ০৩ পয়সা। অন্যদিকে, দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোর আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার।
বিইআরসির জারি করা ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, নতুন এই নির্ধারিত দাম ৫ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকেই কার্যকর হবে।
এদিকে, গত চার মাস ধরে ধারাবাহিকভাবে অভ্যন্তরীণ ফ্লাইটের জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। তথ্য অনুযায়ী, আগস্ট মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৫৯ টাকা ৫২ পয়সা, যা সেপ্টেম্বরে বেড়ে দাঁড়ায় ১৬৫ টাকা ৬৫ পয়সায়। এরপর অক্টোবরে দাম নির্ধারণ করা হয় ১৮২ টাকা ৭১ পয়সা এবং সর্বশেষ নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮৯ টাকা ০৩ পয়সায়।
মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করে বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১ জ্বালানির প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিশ্লেষণ করেই এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারা অনুযায়ী বিপিসি এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনা শেষে ১৩ মে ২০২৫ তারিখে জেট এ-১-এর মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে কমিশন মাসভিত্তিক প্ল্যাটস রেটের ভিত্তিতে এই মূল্য সমন্বয়ের ব্যবস্থা গ্রহণ করে।
এবারের মূল্য সমন্বয়ের ক্ষেত্রে ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত সময়ের আন্তর্জাতিক বাজারদর পর্যালোচনা করা হয়েছে। এ লক্ষ্যে গঠিত কমিটি ওই সময়ের প্ল্যাটস রেটের গড় এবং বিপিসির এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নভেম্বর মাসের দাম সমন্বয়ের সুপারিশ করে। ৫ নভেম্বর কমিশনের গণশুনানিতে বিষয়টি পর্যালোচনার পর নতুন এই দাম নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, গত ২ নভেম্বর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয় ২ হাজার ৬০ টাকা, যা আগে ছিল ১ হাজার ৮৩৭ টাকা। অর্থাৎ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২২৩ টাকা। এর আগেও কয়েক দফা এলপিজির দাম বাড়ানো হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে ডিজেলসহ অন্যান্য জ্বালানি তেলের দামও কয়েক দফায় বৃদ্ধি করা হয়েছে।











