ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলা, হুথিদের ১২১ হতাহত
অনলাইন ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় হুথিদের অবস্থান লক্ষ্য করে ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। এসব হামলায় হুথির ১২১ জন যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।
সামরিক মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানিয়েছেন, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এই অভিযানগুলো চালানো হয়েছে। এর মধ্যে ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা অন্তর্ভুক্ত ছিল।
তার দাবি অনুযায়ী, এসব হামলায় হুথিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
হুথিদের হামলা প্রতিহত করতে এবং তাদের অবস্থান ও অতিরিক্ত বাহিনীকে লক্ষ্যবস্তু বানাতে তাইজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালে ও শাবওয়াসহ একাধিক রণাঙ্গনে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
সৌদি আরবে হুথিদের অব্যাহত হামলার প্রেক্ষাপটে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট অভিযান জোরদার করায় ইয়েমেনে সংঘাত তীব্রতর হচ্ছে। এর আগে শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম দাবি করেছিল যে তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় শিশুসহ ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
তবে সামরিক বাহিনীর দেওয়া এই হতাহতের হিসাব স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
