ঈদের পর ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

ঈদের পর আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রবিবার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এই নির্বাহী আদেশের প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে ২০ মার্চ অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিলের ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এবার ঈদ উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। ছুটিকালীন সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি সেবার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো, যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক সেবা এবং এ সম্পর্কিত সেবার যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।

এছাড়া, হাসপাতাল ও জরুরি সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা, ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এবং জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোও ছুটির আওতা বহির্ভূত থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে, প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এবার ঈদ উপলক্ষে প্রথমবারের মতো পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। ঈদের আগে এবং পরে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটিও যুক্ত হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ বা ১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে আবহাওয়া দপ্তরের তথ্যানুযায়ী ৩১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এবার ২৬ মার্চ (বুধবার) স্বাধীনতা দিবসের দিন ছুটি শুরু হবে। ২৭ মার্চ (বৃহস্পতিবার) একদিন অফিস খোলা থাকবে, তারপর ২৮ মার্চ (শুক্রবার) শবে কদরের ছুটি। ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি চলবে, এরপর ৩ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলার পর ৪ ও ৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকবে।

সুতরাং, ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে মাত্র ২ দিন অফিস খোলা থাকবে। তবে, ছুটির বিধিমালা অনুযায়ী, দুটি ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার সুযোগ নেই। এ কারণে, ৩ এপ্রিল সাধারণ ছুটির ঘোষণা দিয়ে টানা ৯ দিনের ছুটির সুযোগ দেওয়া হয়েছে।