নিজস্ব প্রতিবেদক:
প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী এবং একুশে পদকপ্রাপ্ত পাপিয়া সারোয়ার বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
পাপিয়া সারোয়ারের স্বামী সারওয়ার আলম গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পাপিয়া সারোয়ারের মরদেহ আজ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে এবং আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
পাপিয়া সারোয়ার বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন এবং ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে ডিগ্রি নিতে ভারত যান। তার সংগীত জীবনের শুরু ১৯৬৬ সালে, যখন তিনি ছায়ানটে ওয়াহিদুল হক, সানজীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে সংগীত শিক্ষা নেন। পরে তিনি বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীত শিক্ষা গ্রহণ করেন।
দীর্ঘ সংগীত ক্যারিয়ারে পাপিয়া সারোয়ার রবীন্দ্রসংগীতের মাধ্যমে কোটি শ্রোতার হৃদয়ে স্থান করে নিয়েছেন। আধুনিক গানেও তিনি সফল ছিলেন। তার অন্যতম জনপ্রিয় গান ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ ব্যাপক প্রশংসা পায়।
পাপিয়া সারোয়ার ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন, ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ পান, এবং ২০২১ সালে তিনি একুশে পদক লাভ করেন।
পাপিয়া সারোয়ারের মৃত্যু সংগীতাঙ্গনে এক শূন্যতার সৃষ্টি করেছে।











