নিজস্ব প্রতিবেদক:
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। শনিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যানের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এক ভরি বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম সোনা বোঝানো হয়েছে। আগের দিন শুক্রবার (৭ আগস্ট) এই মানের সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। ফলে এক দিনের ব্যবধানে দাম বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ৯৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) ভ্যাটসহ সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৯ হাজার ৮৫৬ টাকা বাড়ানো হয়েছিল। পরদিন শুক্রবার (৭ আগস্ট) আবার ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা করা হয়। এক দিনের ব্যবধানেই আবার দাম বাড়াল বাজুস।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নির্ধারিত এই দাম দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালংকার ও রৌপ্যলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকারের এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়মও বহাল থাকবে।
এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ২৬৬ টাকায় বিক্রি হবে।











