ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

এক মাস পর চুয়েটে আবার ‘কমপ্লিট শাটডাউন’, বন্ধ সব কার্যক্রম

প্রকাশিত: 26 November 2026, 11:55 am
ফন্ট:

অনলাইন ডেস্ক:

উপাচার্য সংকটের সমাধান না হওয়ায় এক মাসের ব্যবধানে আবারও অচল হয়ে পড়ল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে বন্ধ রয়েছে সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

বুধবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন। এরপর রাত ২টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, বিগত দুই মাস যাবৎ চুয়েটের চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আসছেন। কিন্তু চলমান সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। তাই এই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সব ব্যাচের সম্মতিক্রমে শিক্ষার্থীদের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হচ্ছে।

শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন বিকেল ৩টায় চুয়েটের উপাচার্য ইস্যুতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। পরদিন থেকেই আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শাটডাউন শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষকরাও কর্মবিরতি শুরু করেন। টানা ৩৬ দিন কার্যক্রম বন্ধ থাকার পর ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে সংকটের সমাধান না হওয়ায় প্রায় এক মাস পর আবারও শাটডাউন ঘোষণা করলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে মেনে না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন।

এদিকে বুধবার দুপুরে চুয়েট শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় শিক্ষকেরা আগের অবস্থান থেকে সরে এসেছেন। এত দিন তারা সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে অনড় ছিলেন। এখন বলছেন, উপাচার্য পদে চুয়েটের যেকোনো শিক্ষককে নিয়োগ দিলেই তারা মেনে নেবেন। শিক্ষক সমিতির সভাপতি মো. আহসানউল্লাহ বলেন, ‘আমরা চাই, দ্রুত এই সংকটের সমাধান হোক। আমাদের এখন মূল দাবি, যেন চুয়েট থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া হয়।’

মন্তব্য করুন