লকডাউন ঘিরে আবার অগ্নিগর্ভ গোপালগঞ্জ: থানায় আগুন, সংসদ সদস্যের বাড়িতে হামলা
অনলাইন ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সকাল-সন্ধ্যা লকডাউনকে কেন্দ্র করে বৃহস্পতিবার আবার উত্তপ্ত হয়ে উঠল গোপালগঞ্জ। মহাসড়ক অবরোধ, সশস্ত্র মহড়া, সংসদ সদস্যের বাড়ি ও থানায় অগ্নিসংযোগে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো জেলা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট মোড়, মাদ্রাসা মোড়, জেলা পরিষদ ডাকবাংলো ও পুলিশ লাইনস এলাকায় অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অনেকের হাতে ছিল রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র। জেলা পরিষদ ডাকবাংলো থেকে পুলিশ লাইনস পর্যন্ত অস্ত্র হাতে মহড়া দেন তারা। মাইকে বাজানো হয় ৭ মার্চের ভাষণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জমায়েত।
ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড় থেকে শহরে প্রবেশের পথে গাছ ফেলে অবরোধ করা হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেরিয়ে নীলা মাঠ এলাকায় অন্তত তিনটি স্থানে গাছের গুঁড়ি ফেলে রাখা হয়; এক স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। হাসপাতাল মোড়, সার্কিট হাউস মোড় ও মধুমতী নদী পেরিয়ে চর গোবরা এলাকাতেও একই চিত্র। মহাসড়কে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-পিরোজপুর, গোপালগঞ্জ-কোটালীপাড়া-বরিশাল ও গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কেও গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে অবরোধের খবর পাওয়া গেছে।
এর আগে বুধবার রাত ১০টার পর সদর উপজেলার চরপাথালিয়ার দোলা পাম্প এলাকায় ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপসহ দেড় শতাধিক পণ্যবাহী যান আটকা পড়ে। সকাল সোয়া ৯টার দিকে ঘোনাপাড়া মোড়ে চুরির অভিযোগে দুজনকে গোলচত্বরের রেলিংয়ের সঙ্গে বেঁধে রাখতে দেখা যায়।
বেলা ১১টার দিকে গোপালগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে কাশিয়ানীর জয়নগর বাজারে সংসদ সদস্যের ভাইয়ের দোকানসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা হয়। এরপর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে মুকসুদপুর থানায় আবার হামলা চালিয়ে আগুন দেওয়া হয়। একই সময়ে কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুপুরে সদরের পাঁচুড়িয়া এলাকায় বিএনপির একটি কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা হামলা ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার আগে থানায় প্রায় ৯০ জন পুলিশ সদস্য ছিলেন। প্রাথমিক পর্যায়ে তারা প্রতিরোধের চেষ্টা করেন। তবে হামলাকারীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় একপর্যায়ে পুলিশ সদস্যরা থানা থেকে সরে যান। হামলাকারীদের পরিচয় সম্পর্কে তিনি তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি; সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পরে জানানো হবে বলে জানান তিনি।
বুধবার রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে বুধবার রাত ৯টার দিকে শহরের থানাপাড়া এলাকায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। হাসপাতালটি সদর থানা থেকে প্রায় ১০০ মিটার দূরে। হামলার সময় ভেতরে বেশ কয়েকজন রোগী চিকিৎসাধীন ছিলেন। হামলাকারীরা জানালা ভাঙচুর করে আসবাবপত্র বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার নতুন করে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় তাদের তৎপরতা ছিল সীমিত। সকাল থেকে শহরের সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি ছিল না বললেই চলে। বৃষ্টিতে ভিজে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে অনেককে।
জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও আগুন সন্ত্রাসের কার্যক্রম গণতন্ত্রে বিশ্বাসী কোনো রাজনৈতিক দল করতে পারে না। যারা করে, তারা দেশের শত্রু, মানুষের শত্রু।
