ধানমন্ডি থেকে হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও সাবেক ডিসিসহ গ্রেপ্তার ৪
অনলাইন ডেস্ক:
রাজধানীর ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন ও সাবেক জেলা প্রশাসকসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পৃথক অভিযানে ককটেলসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করা হয়। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হলে পুলিশ মোহাম্মদপুর থানায় নিয়ে যায়।
আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় ও ৩২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ জাবেদকে শাখাওয়াত মুনের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। জবাবে শাখাওয়াত মুন জানান, তিনি বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন।
এদিকে পৃথক অভিযানে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী হিসেবে পরিচিত আল আমিনকে ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে চারজন বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন। কর্মজীবনে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাকে ওই পদ থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপপ্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়। সরকার পরিবর্তনের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
