অনলাইন ডেস্ক:
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর ১১তম প্রেসিডেন্ট হিসেবে মাসাতো কান্ডাকে নির্বাচিত করা হয়েছে। এডিবির পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে তাকে এই পদে নির্বাচিত করেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে এডিবি এ তথ্য জানায়।
৫৯ বছর বয়সী কান্ডা বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মাসাতসুগু আসাকাওয়া’র স্থলাভিষিক্ত হবেন এবং ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। তার মেয়াদ ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে।
এডিবির বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান এবং ব্যাংক অব ইতালির গভর্নর ফ্যাবিও প্যানেট্টা জানিয়েছেন, “কান্ডার আন্তর্জাতিক অর্থনীতি এবং বহুপাক্ষিক পরিবেশে নেতৃত্ব দেওয়ার ব্যাপক অভিজ্ঞতা এডিবিকে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে সহায়তা করবে।”
কান্ডা প্রায় চার দশকের অভিজ্ঞতার অধিকারী, বিশেষ করে তিনি জাপানের অর্থ মন্ত্রণালয়ে আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি আর্থিক খাতের নীতি এবং ম্যাক্রো-রাজস্ব নীতিতে অভিজ্ঞ। কান্ডা আর্থিক পরিষেবা সংস্থার ডেপুটি কমিশনার, বাজেট ব্যুরোর উপমহাপরিচালক এবং নীতি পরিকল্পনা ও সমন্বয়ের উপসহকারী মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলোর (এমডিবি) বিবর্তন, মহামারি প্রতিরোধ এবং ঋণের স্থায়িত্ব ও স্বচ্ছতার মতো মূল চ্যালেঞ্জ মোকাবিলায় কান্ডা বিশ্বব্যাপী বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সক্রিয়ভাবে কাজ করেছেন। তিনি জাপানকে এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ডের ১৩তম পুনঃপূরণে ১০০ কোটি ডলারের বেশি অবদান রাখতে নেতৃত্ব দিয়েছেন।
২০১৬ সাল থেকে তিনি ঐক্যবদ্ধ কর্পোরেট গভর্নেন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০২৩ সালে জি-২০/ওইসিডি কর্পোরেট গভর্নেন্স নীতিমালা পর্যালোচনায় তত্ত্বাবধান করেছেন।
কান্ডার অভিজ্ঞতা এবং দক্ষ নেতৃত্ব এডিবিকে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।










